২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দাম কমিয়ে দেওয়ায় কক্সবাজারের চিংড়ি চাষীরা বিপাকে

আর্ন্তজাতিক বাজারে দেশের অন্যতম রপ্তানী পণ্য চিংড়ির দাম না কমলেও কক্সবাজারের কতিপয় চিংড়ি প্রসেসিং ফ্যাক্টরীর মালিক ও এজেন্ট রহস্যজনক কারণে চিংড়ির দাম কমিয়ে দিয়েছে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2005, 02:25 PM

Updated : 26 Apr 2022, 05:29 PM

তারা চিংড়ি চাষীদের জিম্মি করতেই এ সিদ্ধান্ত নিয়েছে বলে চাষীরা মনে করছেন। এক সপ্তাহ আগে এ সিদ্ধান্ত নেয়ার পর থেকে চিংড়ির দাম মণ প্রতি দুই থেকে আড়াই হাজার টাকা কমে গেছে। চিংড়ি চাষীরা ন্যায্য মূল্য না পাওয়ায় হতাশ হয়ে পড়েছেন।

সংশ্লিষ্ট সূত্র মতে, এক সপ্তাহ আগেও কক্সবাজারে মাঠ পর্যায়ে যে চিংড়ির দাম কেজি প্রতি ৫২৫ টাকা ছিল তা বর্তমানে ৪৯০ টাকায় এসে দাঁড়িয়েছে।

কক্সবাজারের কিছু ফ্যাক্টোরী মালিক ও এজেন্ট সিন্ডিকেট গঠন করে ইচ্ছেমতো চিংড়ির দাম নির্ধারণ করেছে। চাষীদের সাথে এ ব্যাপারে কোনও আলোচনা না করেই দাম কমিয়ে দেওয়ায় ধারনা করা হচ্ছে চাষীদের জিম্মি করে তারা ব্যবসা চালিয়ে নিতে চায়।

চাষীরা বলছেন, আর্ন্তজাতিক বাজারে চিংড়ির দাম কমার কথা সিন্ডিকেট বললেও এ ব্যাপারে সঠিক কোনও তথ্য তারা দিতে পারেনি। ফলে মাথার ঘাম পায়ে ফেলে যে সকল চাষী চিংড়ি চাষ করছেন তারা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন।

সূত্র জানায়, এর ফলে যে চিংড়ি প্রতি কেজিতে ২০টি ধরে তার বর্তমান মূল্য ৪৯০ টাকা, যা এক সপ্তাহ আগে ছিল ৫২৫ টাকা। তদনুসারে ৩০টি করে প্রতি কেজির বর্তমান মূল্য ৩৭০ টাকা, যার এক সপ্তাহ আগে মুল্য ছিল ৪২৫ টাকা। ৪৪টি করে প্রতি কেজির বর্তমান মূল্য ২৭০ টাকা, আগের মূল্য ৩০০ টাকা। ৬৬টি করে প্রতি কেজির বর্তমান মূল্য ১৬০ টাকা, যার আগের মূল্য ছিল ২০০ টাকা এবং ৭৪টি করে প্রতি কেজির বর্তমান মূল্য ৭০ টাকা, যার আগের মূল্য ছিল ১১০ টাকা।

বর্তমানে কক্সবাজার জেলায় প্রায় ৩৭ হাজার একর জমিতে চিংড়ি চাষ হয়। জেলার প্রায় তিন হাজার চাষী এ কাজে জড়িত রয়েছেন। এসকল চিংড়ি চাষী ফ্যাক্টরী মালিক ও এজেন্টদের কাছে জিম্মি হয়ে পড়েছেন। তারা ন্যায্য মূল্য পেতে সরকারি হস্তক্ষেপ কামনা করেছেন।