মৌরতানিয়ায় আটকে পড়া ৮ বাংলাদেশী যুবক দেশে ফিরে এসেছে
মৌরতানিয়ায় আটকে পড়া আট বাংলাদেশী যুবক শনিবার সকালে দেশে ফিরে এসেছে। গত ১১ মাস ধরে মৌরতানিয়ায় সীমাহীন দুর্দশার মধ্যে থেকে ইতালি হয়ে তারা দেশে ফেরে।
ভূমধ্যসাগর হয়ে স্পেন যাবার পথে গত মাসে যে ১১জন বাংলাদেশী নাগরিকের মর্মান্তিক মৃত্যু হয় তাদেরই দলভুক্ত ছিল এই আট যুবক।
আমিরাতের একটি বিমানে জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরনের পর সিভিল এভিয়েশন ও ইমিগ্রেশন কর্মকর্তারা তাদের সাথে সাংবাদিকদের দেখা করতে দেননি।
সাংবাদিক ও আত্মীয় স্বজনদের পাশ কাটিয়ে বিমান বন্দর কর্তৃপক্ষ অতি গোপনীয়তার সাথে তাদেরকে অন্যত্র সরিয়ে নেয়। বিডিনিউজের সাথে আলাপকালে সাবেক কর্মকর্তা সাইদুর রহমান বলেন, ফিরে আসা আটজনের মধ্যে তার শ্যালক লিটন মোড়ল তাকে মোবাইল ফোনে জানায় যে সকালে তারা জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছিয়েছে।
তিনি বলেন, গত বছর একটি ট্রাভেল এজেন্সিকে ৫লাখ টাকা দিয়ে লিটন বিদেশ যায়। লিটনের মত কেরাণীগঞ্জের জহিরুল ইসলাম, সাভারের ইকবাল হোসেন ছাড়াও আরও ৫জন সকালে ঢাকা ফিরে এসেছে।
সাইদুর জানান, প্রথমে তারা বাসে করে ভারত ও এরপর সেখান থেকে ইথিওপিয়া ও সর্বশেষ মৌরতানিয়া যায়। ১৮দিন ধরে মরুভূমিতে হাটার পর তারা চেগো নামের একটি রেল স্টেশনে পৌঁছে। সেখানে তারা মৌরতানিয়া পুলিশের কাছে আত্মসমর্পণ করে।
বিভিন্ন সূত্রে জানা গেছে, ১২ জন ভারতীয় নাগরিকসহ ৪৮ জন ইতালি উদ্দেশ্যে রওনা দেয়। এদের মধ্যে ৩৬ জন বাংলাদেশী নাগরিকের ২৬ জনের একটি দল যন্ত্রচালিত একটি নৌকা করে স্পেনের উদ্দেশে রওনা দেয়। ভূমধ্যসাগর পাড়ি দেয়ার সময় পথ হারিয়ে খাবার ও পানির অভাবে তাদের মধ্যে ১১ জন বাংলাদেশীর মৃত্যু হয়। অন্য ১০ বাংলাদেশীকে ইথিওপিয়া থেকে সড়ক পথে মৌরতানিয়ায় পাঠিয়ে দেওয়া হয়। ফিরে আসা আটজনই জানেন না অন্য দু’বাংলাদেশীর ভাগ্যে কি ঘটেছে।
ফিরে আসা যুবকদের আত্মীয় স্বজনরা বিমান বন্দরে ভিড় জমায়। কিন্তু কেউই তাদের সাথে দেখা করতে পারেননি।
এদিকে ফিরে আসা দু যুবক শনিবার দুপুরে রমনা থানায় একটি জিডি করে।
এর আগে রিক্রুটিং এজেন্সির ফাঁদে পড়ে আরও ১২ বাংলাদেশী নাগরিক মালদ্বীপ থেকে দেশে ফিরে আসে।
