রাজবাড়ীতে পাটবীজের তীব্র সঙ্কট
রাজবাড়ীতে পাটবীজের তীব্র সঙ্কট দেখা দিয়েছে। কৃষকরা বীজ না পেয়ে বীজ অফিস থেকে খালি হাতে ফিরে যাচ্ছেন।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গত বছরের প্রবল বর্ষণ ও উপর্যুপরি বন্যার কারণে কৃষকরা পাটের বীজ সংরক্ষণ করতে পারেননি।
গত বছর পাটের দাম বাড়ার কারণে এবার কৃষকদের মধ্যে পাট চাষে আগ্রহ দেখা দিয়েছে। সময়মতো বৃষ্টি হওয়ায় আগে থেকেই কৃষকরা পাট চাষ শুরু করে দিয়েছেন।
সূত্র আরও জানায়, জেলার চারটি উপজেলায় এ বছর ২ লাখ ৫৯ হাজার ৪ শ হেক্টর জমিতে পাট চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
বীজ ব্যবসায়ীদের সাথে আলাপ করে জানা গেছে, এ বছর তারা প্রতি প্যাকেট পাট বীজ বিক্রি করছেন ১৯০ থেকে ২০০ টাকা দরে। ভারতের বীজ এবার না আসায় বীজের দাম বেশি বলে তারা জানান।
রাজবাড়ী জেলা বিএডিসি’র বীজ অফিসে বৃহস্পতিবার কৃষকদের ভিড় দেখা যায়। পাট বীজ না পেয়ে তাদের অনেকেই খালি হাতে ফিরে যান।
এদিকে, বীজের সংগ্রহ দ্রুত শেষ হয়ে যাওয়ায় বীজ-কর্মকর্তা পরিস্থিতি সামাল দিতে অফিস থেকে গা ঢাকা দিয়েছেন বলে একটি সূত্র জানায়।
