র্যাবের ক্রসফায়ার: আইন শৃংখলা পরিস্থিতির উন্নতি!
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের জন্য গঠিত অত্যাধুনিক সমন্বিত বাহিনী র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিভিন্ন আইনশৃঙ্খলা পরিপন্থী এবং নীতিবহির্ভূত কর্মকাণ্ডের দায়ে এ যাবত কমপক্ষে তার ২২২ জন সদস্যের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে।
নবগঠিত র্যাবের যাত্রা শুরুর এক বছরে তাদের বিরুদ্ধে অসংখ্য অভিযোগ এখনও কর্মকর্তাদের বিবেচনায় রয়েছে বলে সূত্র জানায়।
অবশ্য তাদের বিভিন্ন সাফল্যের প্রতিদান স্বরূপ ১৯ জন সদস্যকে বাংলাদেশ পুলিশের তিনটি সর্বোচ্চ পদকে ভূষিত করা হয়েছে।
পাশাপাশি সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত ৭৭ ব্যক্তি এসময়ে ক্রসফায়ারে নিহত হয়েছে। এসব ঘটনায় দাবি করা হয়, র্যাবের সাথে সন্ত্রাসীদের গুলি বিনিময়ের কালে ক্রসফায়ারে তাদের মৃত্যু হয়।
এছাড়াও র্যাব প্রায় সাত শতাধিক ব্যক্তিকে সন্ত্রাসের সাথে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করেছে। একই সময়ে তারা সাত শতাধিক আগ্নেয়াস্ত্র ও ২ হাজার ৩৪২টি গুলি উদ্ধার করে।
সূত্র জানায়, বিভিন্ন বেআইনি কর্মকাণ্ড এবং অপতৎপরতার সাথে জড়িত থাকার অভিযোগে ১১৫ র্যাব সদস্যের বিরুদ্ধে সরাসরি শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে। যার মধ্যে অনেককে সশ্রম কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।
এছাড়া ১২৫ জনের প্রেষণাদেশ বাতিল করে স্ব স্ব বিভাগে ফেরত পাঠানোসহ বিভাগীয় ব্যবস্থা নেয়া হয়েছে।
বিডিনিউজের সাথে আলাপকালে র্যাব-৪-এর কমাণ্ডিং অফিসার কর্ণেল সাবের শরীফ জানান, এই সময়ে তার ব্যাটালিয়নের ২৩ জন সদস্যকে শাস্তি দেয়া হয়েছে। এর মধ্যে ৮ জনকে জনগণের অভিযোগের ভিত্তিতে এবং ১৫ জনকে নিজস্ব তদন্তের প্রেক্ষিতে শাস্তি দেয়া হয়।
তিনি আরও বলেন, ‘আমরা জনগণের কল্যাণের স্বার্থে কাজ করে যেতে চাই। এ জন্য আমরা যার বিরুদ্ধে অভিযোগ পাবো, তাকে শাস্তি দেবো। তা সে হোক র্যাব সদস্য অথবা অন্য কেউ।’
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়মিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে র্যাব গঠিত হয়। সেনাবাহিনী, বিমান বাহিনী, পুলিশ ও আনসারের দক্ষ ও চৌকষ সদস্যদের বেছে নিয়ে ২০০৪ সালের ২৬ মার্চ র্যাব আত্মপ্রকাশ করে।
র্যাবের তথ্য অনুযায়ী, চট্টগ্রামে গত বছর উদ্ধার করা বিপুল পরিমান অস্ত্র র্যাবকে দেওয়ায় তারা অপরাধীদের মুখোমুখি হতে সক্ষম হয়। তাদের জন্য অসংখ্য অত্যাধুনিক যানবাহনেরও ব্যবস্থা করা হয়।
এদিকে, সরকার র্যাবের বর্তমান সাতটি ব্যাটালিয়নের সাথে আরও তিনটি ব্যাটালিয়ন যোগ করার সিদ্ধান্ত নিয়েছে।
তবে একটি সূত্র বলেছে, র্যাবের সাম্প্রতিক কিছু ঘটনার পর সরকার বিব্রতকর অবস্থায় পড়েছে।
সাংবাদিকদের সাথে আলাপকালে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বলেছেন, এ ধরনের ঘটনায় র্যাব কর্মকর্তারা নিজেরাও লজ্জিত হয়েছেন। তাই এ ধরনের কর্মকাণ্ডের সাথে জড়িত সদস্যদের বিরুদ্ধে কঠোর শাস্তি নিশ্চিত করতে নীতিমালাকে আরও কঠোর করা হচ্ছে।
