খিলগাঁও ফ্লাইওভার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বুধবার বলেছেন রাজধানীতে আধুনিক যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার জন্য পাতাল রেল ও এলিভেটেড এক্সপ্রেসওয়ে চালু করার সরকারের পরিকল্পনা রয়েছে।
ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়নের ফলে ঢাকা মহানগরে যানজট ব্যাপক হারে হ্রাস পেয়েছে বলে তিনি জানান।
রাজধানীর খিলগাঁওতে বহুল আলেচিত ফ্লাইওভার উদ্বোধনকালে প্রধানমšী¿ বলেন অন্যান্য জেলা ও নিকটবর্তী শহরগুলোর সাথে ঢাকার সড়ক যোগাযোগকে গতিশীল করতে সরকার বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে।
বৃষ্টির মধ্যে প্রধানমন্ত্রী ফ্লাইওভারটির উদ্বোধন করেন। উদ্বোধন শেষে প্রধানমন্ত্রীর গাড়ি বহর ফ্লাইওভারটি প্রদক্ষিণ করে।
তিনি বলেন সড়ক, ফ্লাইওবার, আন্ডারপাস এবং ওভারব্রিজ নির্মান ও মেরামত করলেই চলবে না এগুলোর যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে।
সচেতন নগরবাসীর সহযোগিতা প্রত্যাশা করে প্রধানমন্ত্রী বলেন, ‘গাড়ির চালক ও মালিকরা ট্রাফিক আইন মেনে চলবেন, পথচারীরা চলার জন্য ফুটপাত ও রাস্তা পারাপারের জন্য ওভারব্রীজ ও আন্ডারপাস ব্যবহার করবেন।’
তিনি বলেন, এভাবে না চললে সড়ক দুর্ঘটনা বেড়ে যাবে এবং যানবাহনের গতি কমে যাবে যা নগরের সড়কগুলোতে যানজটের সৃষ্টি করবে।
খালেদা জিয়া বলেন তার সরকার ঢাকা শহরের সৌন্দর্য বর্ধনের ওপর অধিক গুরুত্ব প্রদান করেছে। তিনি আশাপ্রকাশ করেন, নগরীর সৌন্দর্যবর্ধন বিদেশী বিনিয়োগকারি ও উদ্যোক্তাদের মনে ইতিবাচক প্রভাব ফেলবে।
নগরীর জিয়া আর্ন্তজাতিক বিমান বন্দর পর্যন্ত বিভিন্ন সড়কে সৌন্দর্যবর্ধনের কাজে বিভিন্ন বেসরকারি সংস্থা সরকারকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বলে তিনি জানান।
মতিঝিলে বহুতল কার পার্কিং’র নির্মাণ কাজ সম্পর্কে তিনি বলেন, সরকার এ ধরনের পার্কিং তৈরির জন্য বেসরকারি উদ্যোক্তাদের অংশগ্রহণকে স্বাগত জানাবেন।
তিনি বলেন, ‘সরকারের উন্নয়ন কার্যক্রমে ধারাবাহিকতা বজায় রাখা জরুরী। তারও চেয়ে গুরুত্বপূর্ণ হলো সময়মতো ও যথাযথভাবে চলমান উন্নয়ন কর্মসূচীসমূহ বাস্তবায়ন করা।’
খিলগাঁও ফ্লাইওভারের উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়া, ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র সাদেক হোসেন খোকা, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী জিয়াউল হক জিয়া, গনপূর্ত মন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য মির্জা আব্বাস।
