স্বাস্থ্যক্ষেত্রে মাথাপিছু বরাদ্দের সুপারিশ ৩৪ ডলার হলেও সরকার ব্যয় করতে পারছে ৬ ডলার
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, দেশের স্বাস্থ্যখাতে বরাদ্দের পরিমাণ পর্যাপ্ত না থাকায় দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে ন্যূনতম একটা পর্যায়ে উন্নীত করাও কঠিন হয়ে পড়েছে।
তিনি বলেন, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশ অনুযায়ী আমাদের মতো উন্নয়নশীল দেশের মাথাপিছু ৩৪ মার্কিন ডলার বার্ষিক ব্যয় বরাদ্দ ধরা হলেও আমাদের সরকার স্বাস্থ্যক্ষেত্রে মাথাপিছু ব্যয় করতে পারছে মাত্র ৬ মার্কিন ডলার।’
এসোসিয়েশন অব ফিজিসিয়ানস অব বাংলাদেশ (এপিবি) এর আয়োজনে বুধবার স্থানীয় একটি হোটেলে দু দিনব্যাপী সংস্থার ১৬ তম বার্ষিক সভা ও বিজ্ঞান সম্মেলনে উদ্বোধনী বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।
তিনি আরও বলেন, ‘আমরা যদি সরকারি বরাদ্দ ও ব্যক্তিগত বরাদ্দ মিলিয়েও হিসাব করি তাহলেও তা মাথাপিছু ১৩ থেকে ১৪ ডলারের বেশি হবে না।’
মন্ত্রী বলেন,‘সরকার দেশের স্বাস্থ্যখাতে দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষে ঢাকায় একটি স্বাস্থ্য ব্যবস্থাপনা ইন্সটিটিউট স্থাপনের উদ্যোগ নিয়েছে। শিগগিরই এ ইনস্টিটিউটের কাজ শুরু হবে।’
স্বাস্থ্যমন্ত্রী রোগীদের সাথে চিকিৎসকদের অপেশাদারী আচরণের সমালোচনা করে বলেন, ‘আমাদের মেধার ঘাটতি নেই ঘাটতি রয়েছে পেশাদারী মনোভাবের তবে সুখের কথা এই যে, দেশের রোগীদের চিকিৎসার্থে বিদেশ যাওয়ার প্রবণতা কমে আসছে।’
স্বাস্থ্য খাতে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে তিনি বলেন, সরকার চিকিৎসকদের জন্য এক হাজারেরও বেশি নতুন পদ সৃষ্টি করবে।
এপিবি’র সভাপতি অধ্যাপক মবিন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা, স্বাস্থ্য সচিব এএফএম সারোয়ার কামাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্র্য অধ্যাপক এমএ হাদী।
পরে মন্ত্রী স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক নুর নবীকে স্বাস্থ্য ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য ইব্রাহিম মেমোরিয়াল স্বর্ণপদক ২০০৫ হস্তান্তর করেন।
