বিভিন্ন স্থানে কালবৈশাখী: নিহত ১৬, নিখোঁজ ৩১, বিস্তীর্ণ এলাকা লণ্ডভণ্ড, জনজীবন বিপর্যস্ত
চাঁদপুর, মানিকগঞ্জ, ফরিদপুর, মুন্সিগঞ্জ, কিশোরগঞ্জ, হবিগঞ্জ,পাবনাসহ বিভিন্ন জেলায় মঙ্গলবার রাত ও বুধবারের কালবৈশাখী ঝড়ে নারী ও শিশুসহ ষোল জন নিহত ও ৩১ জন নিখোঁজ হয়েছে। আহতর সংখ্যা তিন শতাধিক বলে বিডিনিউজ প্রতিনিধিরা জানান।
মঙ্গলবার রাতে ও বুধবার ঢাকায় দিনভর ঝড়বৃষ্টিতে জনজীবন ব্যাহত হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রের বরাত দিয়ে চাঁদপুর প্রতিনিধি জানান, রাত পৌনে ৮টা থেকে ৮টার মধ্যে মাত্র ১৫ মিনিটের ঝড়ের তাণ্ডবে বিস্তীর্ণ এলাকার শত শত কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়, গাছ-পালা উপড়ে পড়ে। পুরো এলাকায় বিদ্যুত নেই। জেলার সাথে থানাগুলোর টেলিযোগাযোগও বিচ্ছিন্ন রয়েছে।
পুলিশ সুপার মোখলেসুর রহমান বিডিনিউজকে জানান, হাজীগঞ্জের রামধনীমুরা গ্রামের রনি (৩), সাহারাস্তির রাগৈ গ্রামের রীনা আক্তার (১২) ও ফরিদগঞ্জের চালিয়া গ্রামের সবুরা খাতুন (৬০) বিধ্বস্ত ঘরবাড়ি ও গাছপালা চাপা পড়ে মারা যায়। এছাড়া সাহারাস্তির চান্দাইল গ্রামের মুক্তিযোদ্ধা মফিজুর রহমান (৮০) ও ফরিদগঞ্জের গোবিন্দপুর গ্রামের মাদ্রাসা শিক্ষক হাবিবুর রহমান (৭৩) বজ্রপাতে নিহত হয়।
আহতরা সদরসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
প্রবল ঝড়ে জেলা সদরের আলুর বাজার এলাকায় নৌকা ডুবে শরিয়তপুর নিবাসী ইউনুস সরদার(৫০) নিখোঁজ হয়।
এদিকে জেলার ত্রাণ ও পুনর্বাসন কেন্দ্র এসব বিষয়ে কিছুই অবগত নয় বলে জানায়।
মানিকগঞ্জ প্রতিনিধি জানান, মঙ্গলবার রাতে ঝড়ের সময় বজ্রপাতে একজন নিহত ও শতাধিক কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়। নিহত ব্যক্তি ঘিওর উপজেলার হিজুলিয়া গ্রামের গোলাম মোস্তফা (২৮)। তার স্ত্রী পারুলী বেগম এ সময় আহত হয়।
ঢাকা আরিচা মহাসড়ক ও অন্যান্য সংযোগ সড়কে গাছপালা উপড়ে পড়ায় যান চলাচলে বিঘœ ঘটে। ঝড়ের পর বেশ কিছুসময় বিদ্যুত সরবরাহ বিচ্ছিন্ন থাকে।
পাবনা প্রতিনিধি জানান, মঙ্গলবার ঝড়ের সময় বজ্রপাতে ভাঙুরা উপজেলায় রানা (২৮) নামে একজন নিহত ও অপর তিনজন আহত হয়।
হবিগঞ্জ প্রতিনিধি জানান, জেলায় বুধবার ঝড়ের সময় বজ্রপাতে চার জন নিহত হয়েছে।
ফরিদপুর প্রতিনিধি জানান, মঙ্গলবার রাতে ঝড়ে দুজন নিহত ও অর্ধশতাধিক আহত হয়েছে।
মুন্সিগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন, ঝড়ে বুধবার এক জন নিহত হয়েছে।
কিশোরগঞ্জ প্রতিনিধি জানান, বুধবার ঝড়ের সময় বজ্রপাতে দুজন নিহত হয়েছে।
শরিয়তপুর প্রতিনিধি জানিয়েছেন,মঙ্গলবার ঝড়ে অর্ধশত লোক আহত হয়েছে।
নোয়াখালী প্রতিনিধি জানান, জেলায় মঙ্গলবার রাতে ঝড়ে ট্রলার ও নৌকা ডুবে ৩০ জন জেলে নিখোঁজ ও অন্তত ২০ জন আহত হয়েছে।
ফেনী প্রতিনিধি জানান, জেলার দাগনভূঞায় মঙ্গলবার রাতের ঝড়ে অর্ধশত ঘর বাড়ি ধসে পড়েছে।
