টেকনাফে অস্ত্রসহ রোহিঙ্গা সন্ত্রাসী আটক
টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প থেকে পুলিশ একটি এলজি ও চার রাউন্ড গুলিসহ এক সন্ত্রাসীকে আটক করেছে।
স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার বিকালে টহলরত আনসার বাহিনী ও পুলিশ সদস্যরা নয়াপাড়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে প্রবেশের সময় সন্দেহ বশত মায়ানমারের নাগরিক মো. ইসহাক (২০) কে আটক করে।
ইসহাককে আটক করার খবর পেয়ে সেখানে রোহিঙ্গা শরণার্থীরা জড়ো হয়ে জোর করে তাকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে। শরণার্থীরা পুলিশের সদস্যদের ওপর চড়াও হয়। এক পর্যায়ে পুলিশ ও আনসার সদস্যদের সাথে রোহিঙ্গা শরণার্থীদের সংঘর্ষের সূত্রপাত হয়।
পরে পুলিশ ইসহাককে অস্ত্রসহ গ্রেফতারে সক্ষম হয়। এ ব্যাপারে টেকনাফ থানায় একটি মামলা হয়েছে।
