ডাকাতি করতে গিয়ে ধরা পড়লো এক র্যাব সদস্য
রাজধানীতে বুধবার দুপুরে গাবতলির বাঘবাড়ি এলাকায় স্থানীয়রা ডাকাতির সময় র্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়নের (র্যাব) এক সদস্যকে হাতেনাতে ধরে ফেলে।
পুলিশ সূত্রে জানা যায়, তার কাছ থেকে আট লাখ টাকা উদ্ধার করা হয়েছে। র্যাবের ধৃত সদস্যের নাম সার্জেন্ট আতিক। তিনি বাংলাদেশ বিমান বাহিনীর একজন সদস্যও। এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাকে মিরপুর থানার নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে।
সূত্র অনুসারে, দুপুর সাড়ে বারোটার দিকে ৬/৭ সদস্যের র্যাবের একটি দল বাঘবাড়ির একটি বাজারে অভিযান চালায়।
স্থানীয়রা র্যাব দলটির একজনকে তাৎক্ষনিকভাবে ধরে ফেলে কিন্তু তার সহযোগীরা দ্রুত স্থান ত্যাগ করতে সক্ষম হয়।
বিডিনিউজের সাথে আলাপকালে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এন্তেজারউদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করেন এবং এর অনুসন্ধান শুরু করছেন বলে জানান। তিনি জানান, আতিকের সহযোগীদের এখনও পর্যন্ত চিহ্নিত ও গ্রেপ্তার করা যায়নি।
র্যাব-৪’র কমান্ডিং অফিসার কর্ণেল সাবেরের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন। তবে তিনি নিশ্চিত করে বলতে পারেননি র্যাবের কোন সদস্য উক্ত ঘটনাটির সাথে জড়িত ছিল।
কর্ণেল সাবের জানান সার্জেন্ট আতিক হলেন বিমান বাহিনীর সদস্য এবং তিনি বুধবার সকাল থেকে অসুস্থতাজনিত ছুটি গ্রহণ করেছিলেন। ক্ষুব্ধ সাবের বলেন, “যদি ধৃত ব্যক্তিটি র্যাবের সদস্য হয়ে থাকে এবং তার বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হয় তাহলে তাকে দ্রুত বিচার ট্রাইবুনাল আইনের অধীনে বিচার করা হবে।” তিনি আরও বলেন, যদি অভিযোগটি সত্য হয় তাহলে তার সহযোগীদেরকেও রেহাই দেওয়া হবে না।
