২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কালবৈশাখীতে আহতরা পর্যাপ্ত চিকিৎসা সুবিধা থেকে বঞ্চিত

রংপুরে রোববার রাতে কালবৈশাখী ঝড়ে আহত হওয়া প্রায় এক শত লোক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসা সুবিধা পাচ্ছে না বলে অভিযোগ করেছে আহতদের আত্মীয়স্বজনেরা।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2005, 09:09 PM

Updated : 26 Apr 2022, 05:28 PM

আহতদের মধ্যে যাদেরকে গাইবান্ধা সদর হাসপাতাল ও সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে তারাও যথার্থ চিকিৎসা সুবিধা পাচ্ছে না বলে অভিযোগ পাওয়া গেছে।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতারে ভর্তি হওয়া আহতদের মধ্যে কাউকে কাউকে হাসপাতাল ছেড়ে চলে যেতে দেখা গেছে। হাসপাতাল ছাড়ার প্রাক্কালে তারা বলেন, হাসপাতালে থাকার চেয়ে বিধ্বস্ত বাড়িতে গিয়ে থাকা আরো ভালো। হাসপাতালে আসন সংকটের পাশাপাশি ঔষধ ও ডাক্তারদের সেবার যথেষ্ট অভাব রয়েছে বরে তারা জানান।

সুন্দরগঞ্জের ধোপাডাঙ্গা গ্রামের এক কিশোরী কাজলি। কালবৈশাখীর ঝড়ে তার পা ভেঙ্গে গেছে। সে বলে দুদিন হয়ে যাবার পরও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তার চিকিৎসা শুরু হয়। ডাক্তার ও নার্সদের বারবার অনুরোধ করা সত্ত্বেও তারা গ্রাহ্য করেনি বলে সে জানায়।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান জানান, হাসপাতাল কর্তৃপক্ষ আহতদের যথাযথ চিকিৎসা প্রদানের ব্যবস্থা করেছে।

কিন্তু হাসপাতালের কিছু কর্মচারী স্বীকার করেন যে, হাসপাতালে জীবন রক্ষাকারী ঔষধের অভাব রয়েছে। আর এই কারণে হাসপাতালের ডাক্তাররা আহতদের আত্মীয়স্বজনদের বাইর থেকে ঔষধ কিনে আনার পরামর্শ দিয়েছে।

আহত বকুল বিডিনিউজকে জানান, কালবৈশাখীতে আমরা সব হারিয়েছি। এ অবস্থায় আমরা বাইর থেকে কিভাবে ঔষধ কিনবো।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপমন্ত্রী আসাদুল হাবিব দুলু আহতদের দেখতে সোমবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে যান। তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে কালবৈশাখে আহতদের যথাযথ সেবা প্রদানের নির্দেশ দেন।

গাইবান্ধার সাদুল্লাহপুর ও সুন্দরগঞ্জে এবং রংপুরের মিঠাপুকুরে রোববার রাতে আঘাত হানা কালবৈশাখে ৫০ জনের প্রাণহানি ঘটে। ওই ঝড়ে আক্রান্ত এলাকার প্রায় ২৫ হাজার লোক ঘরছাড়া হয়।