কাঁটাতারের কারণে বাংলাদেশের ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে চেয়েছে ভারত
সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের ফলে সীমান্তবাসী ও বাংলাদেশীদের ক্ষয়ক্ষতি সম্পর্কে বাংলাদেশের সীমান্তবর্তী ছয়টি রাজ্যের কাছে জানতে চেয়েছে ভারত সরকার। আগরতলা থেকে প্রকাশিত দৈনিক পত্রিকায় প্রকাশিত খবর থেকে এ তথ্য জানা গেছে।
ভারতের ত্রিপুরা, আসাম, মেঘালয়, মিজোরাম ও পশ্চিমবঙ্গ সীমান্তের দেড়শ গজের মধ্যে কী পরিমাণ মানুষ বাস করে এবং বেড়া নির্মণের ফলে তারা কীভাবে কতটা ক্ষতিগ্রস্ত হবেন বা হচ্ছেন, এ ব্যাপারে সংশ্লিষ্ট রাজ্যগুলোর কাছে বিস্তারিত জানতে চেয়েছে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
ত্রিপুরার রাজধানী আগরতলা থেকে প্রকাশিত দৈনিক পত্রিকায় জানানো হয়, কাঁটাতারের বেড়া নির্মাণের ফলে কিছু কিছু ক্ষেত্রে সীমান্তবাসীরা যে ধরনের সমস্যায় পড়েছেন, তা সমাধানে পদক্ষেপ নিতেই এ সব তথ্য জানতে চাওয়া হয়েছে।
মঙ্গলবার সকালে বিএসএফ ভারতীয় সাংবাদিকদের নিয়ে সীমান্ত এলাকা সোনামুড়া থেকে বিবির বাজার এলাকায় এলে তাদের সাথে বিডিআর ও কাস্টমস্ কমকর্তাদের আলাপ হয়।
এদিকে, আগরতলা থেকে প্রকাশিত দৈনিক সংবাদ পত্রিকার খবরে জানা গেছে, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী এস রঘুপতি সংসদে জানান, বাংলাদেশের সাথে তিন হাজার দুশ ৮৭ কি.মি. সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া হবে। ইতোমধ্যেই এক হাজার আটশ ১২ কি.মি. সীমান্তে বেড়া নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে। একইভাবে পাকিস্তানের সাথে দুহাজার ৮ কি.মি. সীমান্তেও কাঁটাতারের বেড়া নির্মাণ করা হবে। এর মধ্যে এক হাজার সাতশ ৩০ কি.মি বেড়া নির্মাণ সম্পন্ন হয়েছে। সীমান্তবর্তী রাষ্ট্র থেকে বৈরী অনুপ্রবেশসহ সন্ত্রাসবাদী কার্যকলাপ, পাচারবাণিজ্য ও বিভিন্ন অসামাজিক কাজকর্ম রোধে এই কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ চলছে বলে ওই পত্রিকাটি জানায়।
