দীর্ঘ প্রতিক্ষিত খিলগাঁও ফ্লাইওভারের উদ্বোধন বুধবার
বহু প্রতিক্ষিত খিলগাঁও ফ্লাইওভারের উদ্বোধন হচ্ছে বুধবার। প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ফ্লাইওভারটির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
এলজিইডি’র প্রকল্প সূত্রে জানা যায়, প্রায় দুই কিলোমিটার দীর্ঘ এই ফ্লাইওভারটি নির্মাণ করতে প্রায় ৮২ কোটি টাকা খরচ হয়েছে। প্রাথমিকভাবে প্রকল্প ব্যয় ধরা হয় ৭৪ কোটি ৫০ লাখ টাকা। নির্মাণ শুরু করার প্রায় চার বছর পর ফ্লাইওভারটির কাজ শেষ হলো। ২০০১ সালের ২ জুন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রথম ফ্লাইওভার হিসেবে এই প্রকল্প কাজের উদ্বোধন করেন। তবে কাজ শুরু হয় ওই বছরের ১৫ জুন।
২০০৩ সালের ফেব্র“য়ারিতে এর নির্মাণ শেষ হওয়ার কথা ছিল। পরে বাজেট ও নকশার পরিবর্তন করে নতুন করে এর কাজ শুরু হয়।
এ ফ্লাইওভারের মোট দৈর্ঘ্য এক দশমিক ৮৯৯ কিলোমিটার এবং প্রস্থ ১৪ মিটার। মূল ব্রীজের দৈর্ঘ্য ৭৮৮ মিটার। এর মধ্যে রাজারবাগ প্রান্তে ২৮৫, মালিবাগ প্রান্তে ১৯০ এবং সায়েদাবাদ প্রান্তে ৩০৩ মিটার।
এছাড়াও র্যাম্পের দৈর্ঘ্য ৬৪৪ মিটার। এর মধ্যে রাজারবাগ প্রান্তে ২২২, মালিবাগ প্রান্তে ২০২ এবং সায়েদাবাদ প্রান্তে ২২০ মিটার।
এতে ১৫ দশমিক ৩০ মিটার দীর্ঘ এবং ৬১০ এবং ৯০০ মিলিমিটার ব্যাসের মোট ৫৮৬টি পাইল ব্যবহার করা হয়েছে। এছাড়াও এতে মোট ১০১টি লুপ রয়েছে। যার মোট দৈর্ঘ্য ৪৭৭ মিটার।
প্রকল্প পরিচালক হায়দার আলী বিডিনিউজকে জানান, ফ্লাইওভারটি চালু হলে সবুজবাগ, মাদারটেক, কদমতলী, বাসাবো, রাজারবাগ, সিপাহীবাগ, মেরাদিয়া, গোড়ানসহ ঢাকার পূর্ব-দক্ষিণ অংশের বিস্তীর্ণ অঞ্চলের সাথে বাণিজ্যিক এলাকার যোগাযোগ সহজ হবে।
তিনি বলেন, এই ফ্লাইওভারটি চালু হওয়ার পর নগরীর যানজট নিরসনে সহায়ক হবে।
এদিকে আওয়ামী লীগ নেতারা বলছেন, রাজনৈতিক কারণে যথাসময়ে খিলগাঁও ফ্লাইওভার চালু না করে তড়িঘড়ি করে চালু করা হয় মহাখালি ফ্লাইওভার। এছাড়া মূল নকশা পরিবর্তনের ফলে খিলগাঁও অঞ্চলের মানুষ এর সুবিধা থেকে বঞ্চিত হবে।
