বিলুপ্ত ব্যুরোর কর্মকর্তাদের প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহনের কোনও অবকাশ নেই: মন্ত্রী পরিষদ বিভাগ
বিলুপ্ত দুর্নীতি দমন ব্যুরো’র কর্মকর্তাদের কোন প্রশাসনিক সিদ্ধান্ত দেওয়ার সুযোগ নেই বলে সোমবার জানিয়ে দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
দুর্নীতি দমন কমিশনে পাঠানো মন্ত্রিপরিষদবিভাগের এক চিঠিতে বলা হয়, যেহেতু সরকার দুর্নীতি দমন ব্যুরোর কর্মকর্তাদের ‘রিজার্ভ’ ঘোষণা করেছে সে কারণে অন্য কোনও সংস্থায় বদলীসহ প্রশাসনিক কাজ কর্মের ব্যাপারে তাদের সিদ্ধান্ত গ্রহনের অবকাশ নেই।
সাম্প্রতিক সময়ে দুর্নীতি দমন ব্যুরোর আট কর্মকর্তাকে বদলির সিদ্ধান্তের পর মন্ত্রিপরিষদ বিভাগ ওই চিঠি ইস্যু করে। এই বদলির সিদ্ধান্তের বিষয়ে কমিশনের চেয়ারম্যান ও একজন কমিশনারের মধ্যে মতবিরোধ চলছিল। ব্যুরোর সাবেক কর্মকর্তা লেফটেনেন্ট কর্ণেল আব্দুল হান্নান মৃধার দেয়া ওই বদলি সিদ্ধান্ত সম্পর্কে কমিশনের এক কমিশনার প্রশ্ন তোলেন।
দুর্নীতি দমন কমিশনে মৃধার কোন পদবী না থাকলেও তিনি কমিশনের প্যাড ব্যবহার করে বিলুপ্ত ব্যুরোর আট জন কর্মকর্তাকে দেশের বিভিন্ন জেলায় বদলির আদেশ দেন। দুর্নীতি দমন কমিশন গঠনের পর সরকার দুর্নীতি দমন ব্যুরোর কর্মকর্তাদের রিজার্ভ ঘোষণা করেন।
দুর্নীতি দমন কমিশন গতমাসে ব্যুরোর কর্মকর্তাদের কমিশনে সম্পৃক্ত করার সিদ্ধান্ত নিলেও সরকার এখনও পর্যন্ত এ ব্যাপারে কোন সম্মতি দেয়নি।
