রাজধানীতে মঙ্গলবার টিএন্ডটি কর্মচারীদের অবস্থান ধর্মঘট
টেলিটকের কাছে টিএন্ডটি’র মোবাইল ফোন লাইসেন্স হস্তান্তরের প্রতিবাদে টিএন্ডটি বোর্ডের কর্মকর্তা ও কর্মচারীরা মঙ্গলবার টেলিযোগাযোগ ভবনে চেয়ারম্যানের অফিসের সামনে অবস্থান ধর্মঘট পালন করবে।
বাংলাদেশ টিএন্ডটি রক্ষা কমিটির নেতৃবৃন্দ সোমবার টেলিফোন ভবনের সামনে এক সমাবেশে এই কর্মসুচী ঘোষনা করেন।
টিএন্ডটি বোর্ডের কাঠামো পরিবর্তন বা কোম্পানিতে রুপান্তর সংক্রান্ত সরকারের সিদ্ধান্ত উঠিয়ে নেয়ার দাবিতে দেশের বিভিন্ন স্থান থেকে আগত টিএন্ডটি’র শত শত কর্মচারী ও কর্মকর্তারা এই সমাবেশে যোগ দেন।
সমাবেশে প্রকল্পের কর্মচারীদের রাজস্ব বাজেটের আওতাধীন করা এবং টেলিটকের পরিবর্তে বিটিটিবি’র মোবাইল ফোন পরিচালনাসহ তিন দফা দাবি বাস্তবায়নের জন্য নেতৃবৃন্দ সরকারের প্রতি আহবান জানান।
বোর্ডের পাচঁটি ট্রেড ইউনিয়ন এবং সাতটি সমিতি নিয়ে গঠিত বাংলাদেশ টিএন্ডটি রক্ষা কমিটি ১ এপ্রিলের মধ্যে তাদের দাবি পূরণের জন্য সরকারকে আল্টিমেটাম দেয়। তা না হলে ২ থেকে ৭ এপ্রিল কালো ব্যাজ ধারন এবং ১৮ এপ্রিল থেকে কর্মবিরতিসহ বিভিন্ন কর্মসূচী ঘোষনা দেবে বলে জানানো হয়। জেলা ও উপজেলার টিএন্ডটি কর্মচারীরা আগামী ২৫ এপ্রিল সকাল ৯টা থেকে বিকেল চারটা পর্যন্ত স্থানীয় অফিসগুলোতে অবস্থান ধর্মঘট করবে।
টিএন্ডটি বোর্ড সিবিএ’র সভাপতি ফিরোজ মিঞা বলেন, তাদের দাবি পূরন না হলে কমিটি আরও কঠিন আন্দোলনে যাবে।
বাংলাদেশ টেলিযোগাযোগ শ্রমিক কর্মচারী পরিষদের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম, কমিটির আহবায়ক এমএ কাইয়ুম এবং অন্যান্য কেন্দ্রিয় ও আঞ্চলিক নেতারা সমাবেশে বক্তব্য রাখেন।
