২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন নির্বাচনকে কেন্দ্র করে কোর্ট প্রাঙ্গণ সরগরম

সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের নির্বাচনকে ঘিরে কোর্ট প্রাঙ্গণে এখন সরগরম হয়ে উঠেছে। আদালত প্রাঙ্গনে এখন বিরাজ করছে নির্বাচনী উত্তেজনা। আগামী ২৯ ও ৩০ মার্চ বার অ্যাসোসিয়েশনের এ নির্বাচন অনুষ্ঠিত হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2005, 10:56 PM

Updated : 26 Apr 2022, 05:27 PM

সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের (এসসিবিএ) নির্বাচনে সরকার সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী প্যানেল এবং বিরোধী দল সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ ১৪ পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছে।

উভয় প্যানেলের প্রার্থী ও সমর্থকরাই এখন আইনজীবীদের সাথে বৈঠক, প্রচারণা ও তদবিরের কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন। বিজয়ের ব্যাপারে দুই প্যানেলই সমান আশাবাদী।

সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সভাপতি প্রার্থী সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম বলেন, তার প্যানেল বিজয়ী হলে আইনজীবীদের নিয়ে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে আলাদা করার জন্য একটি ঐক্যবদ্ধ আন্দোলন শুরু করবেন।

তিনি বলেন, আমরা ১৯৮০ সাল থেকে আন্দোলন চালিয়ে আসছি এবং জনগণ ও আইনজীবীরা ইতিমধ্যে এ আন্দোলনের সুফল পেতে শুরু করেছেন। আমরা বিজয়ী হলে আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে আন্দোলন চালিয়ে যাব।

জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের সভাপতি প্রার্থী সাবেক স্পিকার ব্যারিস্টার শেখ রাজ্জাক আলী বলেন, তার প্যানেল বিজয়ী হলে হাইকোর্ট বেঞ্চে মামলা দায়েরের সিরিয়াল নিয়ন্ত্রণ থেকে শুরু করে আইনজীবীদের দৈনন্দিন সকল সমস্যার সমাধান স্বাভাবিকভাবেই করবেন।

তিনি বলেন, তার প্যানেল বিজয়ী হলে তিনি এসসিবিএ’কে রাজনীতিমুক্ত করবেন।

জাতীয়তাবাদী ঐক্য প্যানেল মনোনীত প্রার্থীরা হলেন: সভাপতি শেখ রাজ্জাক আলী, সহ-সভাপতি গোলাম আরশেদ ও মোহাম্মদ আব্দুর রাজ্জাক মিয়া, সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, কোষাধ্যক্ষ মোহাম্মদ আফজাল হোসেন, সহকারী সম্পাদক গোলাম নূর তরুণ ও মো. ইলিয়াস ভূঁইয়া, সদস্য আবু শামস মোহাম্মদ খালেকুজ্জামন, আমাতুন নূর বেগম পান্না, খান মোহাম্মদ পীরে আজম, মোহাম্মদ গোলাম মোস্তফা, মঈন উদ্দিন ফারুকী, নাসরিন আক্তার ও শাহানা বেগম।

সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের মনোনীত প্রার্থীরা হলেন: সভাপতি মাহবুবে আলম, সহ-সভাপতি মো. মনিরুল ইসলাম চৌধুরী ও শাহ মোহাম্মদ জহুরুল হক, সম্পাদক মোহাম্মদ এনায়েতুর রহিম, কোষাধ্যক্ষ মোহাম্মদ আব্দুস সালাম মণ্ডল, সহকারী সম্পাদক মোহাম্মদ সেলিম ও মোহাম্মদ শহিদুল ইসলাম, সদস্য গাজী মোহাম্মদ মামুনুর রশিদ, মোহাম্মদ আমির হোসেন, মোহাম্মদ মামুনুর রশিদ, মোহাম্মদ তাইফুর কবির, মোর্শেদা বেগম লিপি, শেখ একেএম মনিরুজ্জামান কবির ও সুরজিৎ ভট্টাচার্য।

নির্বাচনে ভোটার হিসেবে ১ হাজার ৫ শ ৪৭ জন ভোটারকে তালিকাভুক্ত করা হয়েছে।