২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাজি ইয়াকুবকে জয়েন্ট ইন্টারোগেশন সেলে স্থানান্তর

দেশের সবচে বড় অস্ত্র মামলা ‘চট্টগ্রাম অস্ত্র উদ্ধার’ মামলার অন্যতম প্রধান আসামী হাজি ইয়াকুবকে রোববার সকালে জয়েন্ট ইন্টারোগেশন সেলে স্থানান্তর করা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2005, 09:50 PM

Updated : 26 Apr 2022, 05:27 PM

সিআইডি, এসবি, এনএসআই, এবং ডিবির কয়েকজন কর্মকর্তা ইয়াকুবকে জিজ্ঞাসাবাদ করছেন। জিজ্ঞাসাবাদের ব্যাপারে সর্বোচ্চ গোপনীয়তা রক্ষা করা হচ্ছে।

এদিকে পূর্বাঞ্চলে পরিবহন ধর্মঘটের পর পরিবহন নেতারা ইয়াকুবের মুক্তির ব্যাপারে পরবর্তী কর্মসূচি ঘোষণা করতে প্রস্তুতি নিতে শুরু করেছেন।

ডেপুটি কমিশনার (উত্তর) মাজহারুল হক বিডিনিউজকে বলেন, রোববার সকাল ১০টায় হাজি ইয়াকুবকে মিরপুর থানা থেকে জয়েন্ট ইন্টারোগেশন সেলে নিয়ে যাওয়া হয়েছে। এটা গুরুত্বপূর্ণ একটি মামলা এবং কর্তৃপক্ষ এ ব্যাপারে গোপনীয়তা রক্ষা করছে।

পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক এবং এসবির প্রধান আব্দুল কাউয়ুমের সাথে যোগাযোগ করা হলে তিনি ইয়াকুবের ব্যাপারে কোন কিছু না জিজ্ঞাসা করার পরামর্শ দেন। তিনি বলেন, ইয়াকুবের মামলাটি পত্র পত্রিকায় প্রকাশিত হওয়া উচিত নয়। এটা শুধুই গোয়েন্দাদের ব্যাপার। তিনি আরও বলেন, যোগ্য কর্মকর্তারা গোপণীয়তার সাথে তাকে জিজ্ঞাসাবাদ করছেন।

ইয়াকুবের সাথে গ্রেফতার হওয়া মোহাম্মদ নাসিরুদ্দিনকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

মিরপুর থানার সাব ইন্সেপেক্টর রমজান উদ্দিন বলেন, সে (নসিরুদ্দিন) আমাদের লক্ষ্য নয়। ইয়াকুবকে আশ্রয় দেয়া ছাড়া তার বিরুদ্ধে আমাদের কাছে আর কোনও অভিযোগ নেই।

অন্যদিকে, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি শাহজাহান খান এমপি পূর্বাঞ্চলে পরিবহন ধর্মঘট সফল হওয়ায় সকল শ্রমিককে ধন্যবাদ জানান।

তিনি বিডিনিউজকে বলেন, পরবর্তী কর্মসূচি ঘোষণায় আমরা শিগগিরই বৈঠক করব।