রাইসের মন্তব্য নিয়ে রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া
বাংলাদেশকে ‘সমস্যাসঙ্কুল’ দেশ হিসেবে উল্লেখ করে মার্কিন পররাষ্ট্র মন্ত্রী কন্ডোলিসা রাইসের মন্তব্য নিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।
শনিবার বিডিনিউজ পরিবেশিত রাইসের মন্তব্য সংশ্লিষ্ট খবরটি রোববার বিভিন্ন জাতীয় পত্রিকায় প্রকাশিত হয়।
ভারতের শীর্ষ ম্যাগাজিন ‘ইন্ডিয়া টুডে’র রাজ চেঙ্গাপ্পাকে দেয়া এক সাক্ষাতকারে বাংলাদেশকে সমস্যাসঙ্কুল দেশ হিসেবে উল্লেখ করে কন্ডোলিসা রাইস বলেন, ‘যেহেতু বাংলাদেশ ধীরে ধীরে আরও সংকটের দিকে যাচ্ছে, তাই গোটা অঞ্চলেই যুক্তরাষ্ট্রের অনেক কিছু করার রয়েছে।’
ওই মন্তব্যের ভিত্তিতেই এ খবরটি পরিবেশিত হয়।
বিষয়টি সরকারের নীতি নির্ধারক পর্যায় ও বিরোধী দলের উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করে।
ক্ষমতাসীন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ড. খন্দকার মোশাররফ এ প্রসঙ্গে হোসেন বলেন, একটি উন্নয়নশীল দেশ হিসেবে কিছু সমস্যা থাকবে, বাংলাদেশের জন্য এটা নতুন কিছু নয়। সরকার এসব সমস্যা সমাধানে কাজ করে যাচ্ছে এবং সকল বাধা ও বিপত্তি কাটিয়ে উঠছে।
ড. মোশাররফ বলেন, বিশ্বের আরো অনেক দেশের মতো আমাদেরও কিছু সমস্যা রযেছে এ ব্যাপারে কোন সন্দেহ নেই। আমরা সংসদীয় গণতন্ত্রের চর্চা করছি, শিক্ষা ক্ষেত্রে আমরা সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করেছি, আমাদের গড় আয়ু বেড়েছে, এবং এসব কিছুই আমরা আমাদের প্রচেষ্টা দিয়ে অর্জন করেছি।”
তিনি বলেন, একটি জনবহুল দেশ হিসেবে আমাদের অনেক সমস্যা রয়েছে এবং সরকার জনগণের প্রত্যাশা পূরণে নিরলস কাজ করে যাচ্ছে।
বিরোধী দল আওয়ামী লীগের সিনিয়র নেতা তোফায়েল আহমেদ কন্ডোলিসা রাইসের এ মন্তব্য সঠিক বলে মনে করেন। তিনি বলেন, গত তিন বছর ধরে আমরা যে কথা বলে আসছি আজ মার্কিন পররাষ্ট্র মন্ত্রীর মন্তব্যে সে কথাই প্রতিধ্বনিত হলো।
আওয়ামী লীগ নেতা বলেন, জোট সরকারের ‘দুরাচার’ এমন পর্যায়ে পৌঁছেছে যে বিদেশীদের কাছ থেকে এ ধরনের মন্তব্য আসছে। এটা খুবই ‘দুর্ভাগ্যজনক’।
সাবেক শিল্পমন্ত্রী তোফায়েল আহমেদ আরো বলেন, সশস্ত্র মৌলবাদী জঙ্গিদের প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ দিয়ে জোট সরকার দেশকে ধ্বংশের দিকে নিয়ে যাচ্ছে। তিনি বলেন, এ ধরনের মন্তব্য এটাই প্রথম নয়, এর আগেও একই ধরনের মন্তব্য করেছেন ইউরোপীয় ইউনিয়নের ক’টনীতিক ও অন্যান্য দাতারা।
জামাত-ই-ইসলামী বাংলাদেশের সহকারী মহাসচিব মুহাম্মদ কামরুজ্জামান বলেন, তারা মনে করেন না সঠিক তথ্যের ভিত্তিতে এ মন্তব্য করা হযেছে। তিনি বলেন, ‘বাংলাদেশের বিরাজমান পরিস্থিতির সঠিক মুল্যায়ন এতে হয় নি। এটা বাংলাদেশ বিরোধী গণমাধ্যম ক্যাম্পেইনের অংশমাত্র।’
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি- সিপিবি’র সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, এ মন্তব্য নতুন কিছু নয়। যুক্তরাষ্ট বরাবরই বাংলাদেশ, ভারত তথা গোটা উপমহাদেশের শত্র“ এমনকি গোটা বিশ্ববাসির শত্র“। একদিকে তারা বর্তমান জোট সরকারকে মদদ জুগিযে যাচ্ছে, এবং অন্যদিকে কিছু কিছু ইস্যুতে এমন জটিল মন্তব্য করছে।
জাতীয় পার্টি (এরশাদ),নেতা জিএম কাদের এমপি বলেন, ‘রাইস যা বলেছেন তার নিজের কাছে প্রাপ্ত তথ্য থেকে এবং উদ্বেগ থেকে বলেছেন। দেশে যেভাবে মৌলবাদ দিন দিন মাথাচাড়া দিয়ে উঠছে এবং সরকার যেভাবে জঙ্গিবাদীদের মদদ যোগাচ্ছে তাতে বিষয়টি নিঃসন্দেহে উদ্বেগের। এটা সরকারের জন্য অত্যন্ত দুঃখজনক। সরকারের ব্যর্থতার কারণেই এ ধরনের মন্তব্য আসছে।’
