২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুক্তি করার জন্য চুক্তি আওয়ামী লীগ করেনি:পার্বত্য শান্তিচুক্তি প্রসঙ্গে আব্দুল জলিল

পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল খাগড়াছড়ির বিডিনিউজ প্রতিনিধির সঙ্গে সাক্ষাৎকারে রোববার খোলামেলা মতামত ব্যক্ত করেন।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2005, 08:40 PM

Updated : 26 Apr 2022, 05:27 PM

সাক্ষাৎকারে আব্দুল জলিল বলেন, আওয়ামী লীগ ও বিএনপিকে সন্তু লারমা একাকার করে দেখেন, এটা ঠিক নয়। আমরা শান্তিচুক্তি করেছি একটা বিশ্বাস নিয়ে এবং শান্তিচুক্তি বাস্তবায়ন আমাদের নৈতিক দায়িত্ব বলে মনে করি। শুধু রাজনৈতিক কমিটমেন্ট নয়।

অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শান্তিচুক্তি করার পরে আমরা তা বাস্তবায়ন করে যেতে পারিনি, কারণ আমাদের হাতে সময় ছিল না। তবে পার্বত্য পুরোপুরি বাস্তবাযন করতে না পারলেও চুক্তির অনেককিছুই আমরা বাস্তবায়ন করেছি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চুক্তি পূর্ণাঙ্গ বাস্তবায়ন প্রসঙ্গে বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ যদি আবার ক্ষমতায় আসে ইনশাল্লাহ আমরা যে ওয়াদা করেছি, শান্তিচুক্তি পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করব।

তিনি আরও বলেন, শুধু চুক্তি করার জন্য চুক্তি আওয়ামী লীগ করেনি। এই অঞ্চলের শান্তি, সম্প্রীতি সবকিছু সামনে নিয়ে আওয়ামী লীগ চুক্তি করেছে। সুতরাং এটা আমাদের কমিটমেন্ট।

আব্দুল জলিল বলেন, চুক্তি বাস্তবায়ন করা না করা নিয়ে আওয়ামী লীগের সাথে বিএনপির তুলনা করা উচিত নয়।

চুক্তির ক্ষেত্রে বিএনপির ভূমিকার ব্যাপারে তিনি বলেন, শান্তিচুক্তি করার সময় বিএনপি বিরোধিতা করেছে। তারা লংমার্চ করেছিল পার্বত্য চট্টগ্রাম অভিমুখে। নানা প্রতিবন্ধকতা তৈরির চেষ্টা করেছিল। সকল প্রতিবন্ধকতা উপক্ষো করে জননেত্রী শেখ হাসিনা চুক্তি সম্পাদন করেছেন।

তিনি আরও বলেন, এই শান্তিচুক্তির মধ্য দিয়ে এই অঞ্চলে যে শান্তিপূর্ণ অবস্থা সৃষ্টি হয়েছে তা অস্বীকার করার উপায় নেই।

চুক্তির ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, চুক্তি বাস্তয়নের মধ্য দিয়ে আমরা এই অঞ্চলকে চিরস্থায়ী শান্তির অঞ্চল হিসেবে প্রতিষ্ঠা করতে চাই।

১৯৯৭ সালে আওয়ামী লীগ সরকারের আমলে পার্বত্য শান্তিচুক্তি সম্পাদিত হয়। এ চুক্তির ফলে পার্বত্য চট্টগ্রামের জেলাগুলোতে অনেকাংশে স্থিতাবস্থা ফিরে আসে।