২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মৌলভীবাজার থেকে পরীক্ষামূলক গ্যাস সরবরাহ সম্ভব হয়নি: গ্যাসের সমস্যায় উৎপাদনে যেতে পারছে না টঙ্গী কেন্দ্র

কারিগরি সমস্যার কারনে রোববার মৌলভীবাজার গ্যাস ক্ষেত্র থেকে পরীক্ষামূলক সরবরাহ শুরু সম্ভব হয়নি। অন্যদিকে গ্যাস সরবারহজনিত সমস্যার কারনে টঙ্গীর নবনির্মিত বিদ্যুত কেন্দ্র উৎপাদনে যেতে পারছে না।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2005, 06:51 PM

Updated : 26 Apr 2022, 05:28 PM

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সোমবার থেকে ইউনোকলের মৌলভীবাজার থেকে গ্যাস সরবরাহ আশা করছেন। তবে টঙ্গীর ১১০ মেগাওয়াট পিকিং প্ল্যান্ট কবে উৎপাদন শুরু করতে পারবে এ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, টঙ্গীর নবনির্মিত বিদ্যুত কেন্দ্রটি পরীক্ষামূলকভাবে ১৬৮ ঘন্টার অবিরাম উৎপাদন প্রক্রিয়ায় যাবার কথা ছিল ১৪ মার্চ। কিন্তু ওই দিন রাত ১০ টা ৩২ মিনিটে বিদ্যুত উৎপাদন শুরুর ২৮ ঘন্টা পর ১৬ মার্চ রাত ২টা ১৬ মিনিটে উৎপাদন বন্ধ হয়ে যায়। এর কারন গ্যাস বিতরন পাইপলাইনে অতিমাত্রায় ম্যাগনেটিক পার্টিকেল।

“নিুমানের” গ্যাস সরবরাহের কারনে টঙ্গীর বিদ্যুত কেন্দ্র এখন পর্যন্ত আর উৎপাদনে যেতে পারেনি বলে সংশ্লিষ্টরা জানান।

কিন্তু তিতাস গ্যাসের কর্মকর্তারা বলেন, তারা বিদ্যুৎ কেন্দ্রের গ্যাস পাইপলাইন পরিষ্কার করে দেবার পর সেখানে কোন সমস্যা থাকার কথা নয়।

জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী একেএম মোশাররফ হোসেন ওই কর্মকর্তাদের সাথে এক মত পোষণ করেন। তিনি বিডিনিউজকে বলেন, “যদি পার্টিকেলের পরিমান দশমিক ৫ ভাগ বা তার অধিক হয় তাহলে টঙ্গীর বিদ্যুত উৎপাদন কেন্দ্রের জেনারেটর কাজ করতে পারে না। তাই তিতাসের কর্মকর্তারা পার্টিকেলের পরিমান দশমিক ৫ এর নীচে নামিয়ে এনেছে।

মন্ত্রী বলেন, আগামী তিন দিন পর থেকে বিদ্যুত কেন্দ্রগুলোর জন্য গ্যাস সরবরাহ কোন সমস্যা হিসেবে থাকবেনা। কেননা সাঙ্গু গ্যাস ক্ষেত্র থেকে গ্যাস সরবরাহের পরিমান সাম্প্রতিক সময়ে বৃদ্ধি পেয়েছে আর মৌলভীবাজার গ্যাস থেকে সোমবার গ্যাস উত্তোলন শুরু হবে।

বিদ্যুত কেন্দ্রগুলোর জন্য পিডিবি’র ৭০০ এমএমসিএফডি (মিলিয়ন কিউবিক ফিট পার ডে)’র বিপরীতে পেট্রোবাংলা বর্তমানে ৬৫০ এমএমসিএফডি গ্যাস সরবরাহ করছে।

জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক বিভাগের কর্মকর্তারা জানান রোববার সকাল ১০টা থেকে ইউনোকলের মৌলভীবাজার গ্যাস ক্ষেত্র থেকে পরীক্ষামূলকভাবে গ্যাস সরবরাহ শুরুর কথা ছিল। কিন্তু, কারিগরি ত্র“টির কারণে তা ব্যাহত হয়। সোমবার সন্ধ্যা থেকে তা শুরু হতে পারে বলে তারা আশা প্রকাশ করেছেন।

তারা জানিয়েছেন, শনিবার সাঙ্গু গ্যাস ক্ষেত্র থেকে সরবরাহ বেড়ে ১৪০ এমএমসিএফডি হয়। এর আগে সাঙ্গু তিনটি কূপ থেকে ১১০ এমএমসিএফডি গ্যাস সরবরাহ করে আসছিল।