২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে গত ২৪ ঘন্টায় পৃথক সন্ত্রাসী ঘটনায় নিহত ২, আহত ১

রাজধানীর লালবাগ, ফতুল্লা এবং বাবুবাজারে পৃথক সন্ত্রাসী ঘটনায় ২ জন ব্যবসায়ী নিহত এবং একজন আহত হয়েছে। নিহতরা হলেন, শাহারুম সিকদার (২৫) এবং শাহ আলম (১৯) এবং আহত ব্যবসায়ীর নাম হজরত আলী (৩৫)। গত ২৪ ঘন্টায় রাজধানীতে হতাহতের এই ঘটনা ঘটে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2005, 06:44 PM

Updated : 26 Apr 2022, 05:28 PM

লালবাগে শনিবার রাতে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে খুন হয়েছে আসিফ প্রোডাক্টর এর স্বত্ত্বাধিকারী শাহারুম সিকদার। সন্ত্রাসীরা তার কাছ থেকে নগদ টাকা এবং মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিয়ে গেছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, রাত আনুমানিক পৌনে ১১ টার সময় চক সার্কুলার রোডের নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে রিকশাযোগে নিজ বাসায় ফেরার পথে সন্ত্রাসীরা তার গতিরোধ করে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। 

গুরুতর আহত অবস্থায় তাকে মিটফোর্ড হাসপাতালে নেয়া হয়। তার অবস্থার অবনতি হলে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। রাত ১২টায় তার মৃত্যু হয়।

নিহতের বড় ভাই হারুন অভিযোগ করেন বলেন, আর্থিক লেনদেন সংক্রান্ত বিরোধের জের ধরে তাদের আত্মীয়রা শাহারুমকে হত্যা করতে পারে।

নিহত শাহরুম লালবাগের ৩০/১, কামালবাগে তিনি বাস করতেন। তার গ্রামের বাড়ি কেরানীগঞ্জে।

অপর একটি ঘটনায়, পাঁচ দিন মৃত্যুর সাথে লড়ে ঢাকা মেডিকেলে শনিবার রাতে মারা গেছেন ব্যবসায়ী শাহ আলম।

গত ১৬ মার্চ ফতুল্লা থানার এলাকার দেলপাড়ায় চিহিৃত সন্ত্রাসী রুবেলের এলোপাতাড়ি ছুরিকাঘাতে তিনি মারাত্মক আহত হন। পরদিন তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়।

রাজধানীর বাবুবাজার নৌঘাটে একদল নৌদস্যুর ছুরিকাঘাতে মারাত্মক আহত হয়েছে হজরত আলী নামের এক ফল ব্যবসায়ী। দুর্বৃত্তরা তার ইঞ্জিন চালিত ট্রলার, নগদ অর্থ এবং মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে গেছে।

গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে।

তিনটি ঘটনায় পৃথক মামলা হলেও পুলিশ এখনও পর্যন্ত এসব ঘটনায় জড়িত কাউকে আটক করতে পারেনি।