২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এসএসসি অংক পরীক্ষায় সারাদেশে ৪০০ পরিক্ষার্থী বহিষ্কার

এসএসসি অংক পরীক্ষায় শনিবার সারাদেশে বহিস্কারের সংখ্যা তুলনামূলক কম হলেও কিছু কিছু জায়গায় প্রক্সি দেয়া ও প্রশ্নপত্র সংকটের কথা জানা যায়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2005, 09:47 PM

Updated : 26 Apr 2022, 05:27 PM

শিক্ষা মন্ত্রণালয়ের কন্ট্রোল রুমে রাত আটটা পর্যন্ত পাওয়া রিপোর্ট অনুযায়ী শনিবার ৯টি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি, দাখিল এবং এসএসসি (ভকেশনাল) অংক পরীক্ষায় প্রায় ৪০০ পরীক্ষার্থী এবং তিনজন শিক্ষক বহিস্কার হয়েছে।

শেরপুরে ইদ্রিসিয়া দাখিল মাদ্রাসায় কয়েকজন প্রক্সি পরীক্ষার্থীকে পরীক্ষার অনুমতি দেয়া হয়। এলাকাবাসী জানায়, এ ঘটনার পেছনে মাদ্রাসার সুপারিনটেনডেন্টের হাত রয়েছে।

কন্ট্রোল রুম সূত্র জানায়, চট্টগ্রাম বোর্ডের ওরংছরি কেন্দ্রে প্রক্সি দেয়ার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

এছাড়াও কয়েকটি কেন্দ্রে প্রশ্নপত্রের সংকটের কথা জানা গেছে।

প্রশ্নপত্রের সংকটের কারণে ভোলার বোরহান উদ্দিন উপজেলা আলিয়া মাদ্রাসায় ছয় পরীক্ষার্থীকে একটি প্রশ্নপত্র দেয়া হয়।

অন্যদিকে, নারায়নগঞ্জের রূপগঞ্জে এবং কুমিল্লা জেলার দাউদকান্দিতে কয়েকটি পরীক্ষা হলে পরীক্ষার নিয়ম ভঙ্গের অভিযোগ পাওয়া গেছে।

রূপগঞ্জ মাদ্রাসা কেন্দ্রে অংক পরীক্ষার দিন কয়েকজন অংক শিক্ষককে ইনভিজিলেটর দায়িত্ব পালন করতে দেখা যায়, যা পরীক্ষার নিয়মের মধ্রে পড়ে না।

এ ব্যাপারে জিজ্ঞাসা করা হলে কেন্দ্র সচিব আব্দুল হাই জানান, তিনি সকল মাদ্রাসা দেখাশুনা করছেন এবং যে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে, ওই বিষয়ের কোনো শিক্ষককে ইনভিজিলেটর দায়িত্ব দেয়া হয় নি। কিন্তু দুএকটি মাদ্রাসা কর্তৃপক্ষ এ নিয়ম মানেনি।

পরীক্ষাকেন্দ্র সফরকালে শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলন এ ব্যাপারে হতাশা ব্যক্ত করেন এবং কেন্দ্র সচিবকে এ ধরণের ঘটনা পরিহারের নির্দেশ দেন।