২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভূয়া অভিজ্ঞতার সার্টিফিকেট দেখিয়ে বহাল তবিয়তে বরিশাল শিক্ষা বোর্ডের তিন কর্মকর্তা

বরিশাল শিক্ষা বোর্ডের তিন কর্মকর্তা ভূয়া অভিজ্ঞতার সার্টিফিকেট দিয়ে দীর্ঘ ৫ বছর বহাল তবিয়তে কাজ করে যাচ্ছেন।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2005, 09:34 PM

Updated : 26 Apr 2022, 05:27 PM

শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, শিক্ষা বোর্ডের কলেজ শাখার সেকশন অফিসার আবুল কালাম বাশার, আমিনুল ইসলাম বাপ্পী ও ক্যাশিয়ার মোহাম্মদ শাহীন গত ৫ বছর ধরে ভূয়া সার্টিফিকেট দিয়ে কাজ করে যাচ্ছেন।

১৯৯৯ সালে শিক্ষা বোর্ড প্রতিষ্ঠাকালে কর্তৃপক্ষ শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি অন্যত্র ৫ বছরের চাকরির অভিজ্ঞতার সার্টিফিকেট চান।

বোর্ডে নিয়োগের সময় আবুল কালাম বাশার ও আমিনুল ইসলাম বাপ্পী দুজনেই ৫ বছর বরিশাল পৌরসভায় কাজ করেছেন বলে অভিজ্ঞতার সার্টিফিকেট জমা দেন।

বর্তমান সিটি কর্পোরেশনের সচিবের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, তাদের অভিজ্ঞতার সার্টিফিকেট সম্পূর্ণ ভূয়া। তারা আদৌ কোনও দিন পৌরসভায় কাজ করেননি।

অভিযুক্ত কলেজ শাখার ক্যাশিয়ার মোহাম্মদ শাহীনও একইভাবে নিয়োগ পেয়েছেন।

এর আগে তদন্ত করে তাদের বিরুদ্ধে এ অভিযোগের সত্যতা বেরিয়ে আসলেও সাবেক বোর্ড চেয়ারম্যান প্রফেসর আব্দুস সালাম তাদের বিরুদ্ধে কোনও ব্যাবস্থা গ্রহণ করেননি।

বর্তমান চেয়ারম্যান আনোয়ারুল হকের সাথে যোগাযোগ করা হলে তিনি এ ব্যাপারে কিছু জানেন না বলে জানিয়েছেন।