২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অন্যের জমি বন্ধক রেখে জালিয়াতির মাধ্যমে ব্যাংক থেকে ২ কোটি ৫০ লাখ টাকা উত্তোলন

জমির দালালদের সহযোগিতায় অন্যের জমি বন্ধক রেখে জালিয়াতির মাধ্যমে তিনটি ব্যাংক থেকে ২ কোটি ৫০ লাখ টাকা উত্তোলন করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2005, 08:48 PM

Updated : 26 Apr 2022, 05:27 PM

বাংলাদেশ ক্রাইম রিপোর্টাস এসোসিয়েশনে শুক্রবার এক সংবাদ সম্মেলনে উত্তরা থানার দক্ষিণখান গ্রামের মোহাম্মদ আফজাল হোসেন এ অভিযোগ করেন।

আফজাল হোসেন বলেন, অর্থ ঋণ আদালত তার জমির নামে নিলাম বিজ্ঞপ্তি জারি করার পর তিনি এই ব্যাপারটি জানতে পারেন।

নিলাম বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মোহাম্মদ হারেজ আলী, আতাউর রহমান এবং মজিবর রহমান এবং আফজাল হোসেন ও হিমেল এপ্যারেলস লিমিটেড তার ১৩০ শতাংশ জমির বিপরীতে বাহরাইনের শামিল ব্যাংক থেকে ২ কোটি ৫০ লাখ টাকা নিয়েছিলেন।

এছাড়াও আফজাল হোসেন জানতে পারেন জনতা ব্যাংক ফার্মগেট শাখা থেকে তিনি ৩২ লাখ এবং ইসলামী ফিন্যান্স এণ্ড ইনভেষ্টমেন্ট ব্যাংক থেকে ৭০ লাখ টাকা নিয়েছেন।

জমির মালিক আসল ও সুদ সমেত গত বছরের জুলাই মাসের ৩১ তারিখ পর্যন্ত ৪ কোটি টাকা শোধ করতে ব্যর্থ হওয়ায় ২০০৫ এর মার্চ মাসে আদালত ওই জমির মালিকের নামে নীলাম নোটিশ জারি করে।

পরে আবেদনের প্রেক্ষিতে আদালত নীলামের তারিখ পরিবর্তন করে।

সাংবাদিকদের সাথে আলাপকালে আফজাল হোসেন জানান, তিনি জমি বিক্রি করতে চেয়েছিলেন এবং এ কারণে মোহাম্মদ হারেজ আলী, আতাউর রহমান এবং মজিবর রহমানকে তার জমির কাগজপত্রের ফটোকপি দিয়েছিলেন। তারা ওই কাগজপত্র ব্যবহার করেই ব্যাংক থেকে টাকা তুলেছে।