জামায়াত-শিবিরের বিরুদ্ধে বিরোধী ছাত্র জোটের কর্মসূচি
জামায়াত-শিবিরের ‘শিক্ষাঙ্গণ দখলের পাঁয়তারা’ এবং ‘স্বাধীনতা যুদ্ধের ইতিহাস বিকৃত করা’র প্রতিবাদে বিরোধী ছাত্র জোট বিক্ষোভ সমাবেশ ও শিক্ষা মন্ত্রণালয় ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করেছে।
বাংলাদেশ ছাত্রলীগ এবং পাঁচটি বাম ছাত্র সংগঠনের সমন্বয়ে গঠিত এ জোট শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে অনুষ্ঠিত এক জরুরী সভায় এ কর্মসূচির ঘোষণা দেয়।
জোট আগামী ২১ মার্চ জামায়াত-শিবিরের শিক্ষাক্ষণ দখলের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ এবং স্বাধীনতার ইতিহাস বিকৃতির প্রতিবাদে ২৪ মার্চ শিক্ষা মন্ত্রনালয় ঘেরাও কর্মসূচি ঘোষণা করে।
বাংলাদেশ ছাত্রলীগ সভাপতি লিয়াকত সিকদার, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবু, বাংলাদেশ ছাত্র মৈত্রীর সভাপতি রফিকুল ইসলাম সুজন, বাংলাদেশ ছাত্রলীগ (জাসদ) সহসভাপতি মনিরুজ্জামান মনির, জাতীয় ছাত্র ঐক্য সভাপতি জুয়েল আহমেদ খান, বাংলাদেশ ছাত্র সমিতির যুগ্ম আহ্বায়ক মোস্তাক আহমেদ ও জাতীয় ছাত্রধারা সভাপতি মাহফুজ আহমেদ সভায় উপস্থিত ছিলেন।
