বিটিটিবি’র প্রস্তুতি নেই, সাবমেরিন কেবল প্রকল্পের পরীক্ষামূলক কাজ শুরু এ সপ্তাহেই
বহুল প্রতিক্ষিত এসইএ-এমইডব্লিউই-৪ সাবমেরিন কেবল প্রকল্পের পরীক্ষামুলক কাজ এ সপ্তাহে কক্সবাজারে শুরু হওয়ার কথা থাকলেও এব্যাপারে বাংলাদেশ তার ও টেলিফোন বোর্ড (বিটিটিবি) এখন পর্যন্ত কোন প্রস্তুতি নিতে পারেনি।
বিটিটিবি সূত্র আশঙ্কা প্রকাশ করে, এ প্রস্তুতিহীনতা সাবমেরিন কেবলের পরীক্ষামূলক পরিচালনার প্রথম যাত্রাই বিফলে যেতে পারে।
এদিকে, কেবল ল্যান্ডিং স্টেশন পরীক্ষার জন্য ফুজিৎসু ও এলকাটেলের বিশেষজ্ঞ ক্রু সোমবার ঢাকায় পৌঁছাচ্ছে। কিন্তু বিটিটিবি এখনো প্রয়োজনীয় বিদ্যুৎ সরবরাহের রেক্টিফায়ার, জেনারেটর, কনভারটারসহ অন্যান্য স্থাপনার কাজ সম্পন্ন করেনি।
প্রকল্পটির কাজ শুরু করতে শীততাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা অত্যন্ত জরুরী, যা এখনো স্থাপন করা হয়নি।
আপাত সমাধানের জন্য তড়িঘড়ি করে পুরোনো স্থাপনাগুলো থেকে সেকেলে বিদ্যুৎ ব্যবস্থাগুলো খুলে নিয়ে কক্সবাজারে জমা করা হচ্ছে। এরকম জোড়াতালির ব্যবস্থা দিয়ে সাবমেরিন কেবল এর পরীক্ষামুলক কাজ শুরু করা হিতে- বিপরীত হতে পারে বলে বিটিটিবি’র সংশ্লিষ্ট কর্মকর্তারা আশঙ্কা প্রকাশ করেন।
সূত্রগুলো উদ্ভুত পরিস্থিতির জন্য বিটিটিবি’র চেয়ারম্যান এবং সংশ্লিষ্ট প্রকল্প পরিচালকের গড়িমসিই দায়ী বলে অভিযোগ করেন। তারা জানান, উভয় শীর্ষ কর্মকর্তা প্রায় নয় মাস কাটিয়ে দিয়েছেন চট্টগ্রাম-কক্সবাজার অপটিক্যাল ফাইবার কেবল প্রকল্পের দরপত্র চূড়ান্ত করতে।
মন্ত্রী পরিষদের ক্রয় সংক্রান্ত কমিটি বর্তমানে প্রকল্পের জন্য সিমেন্সের ৪৭ দশমিক ৪২ কোটি টাকার ও নরটেলের ৩০ দশমিক ৭২ কোটি টাকার প্রস্তাব পর্যালোচনা করে দেখছে।
অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের নেতৃত্বে নয় সদস্যবিশিষ্ট উচ্চ ক্ষমতাসম্পন্ন এ কমিটি শনিবার অনুষ্ঠেয় এক বৈঠকে দরপত্র প্রদানকারীদের মধ্য থেকে একটিকে নির্বাচন করে প্রধানমন্ত্রীর অনুমোদনের জন্য পাঠাবে।
সিদ্ধান্তের অপেক্ষায় থাকার পরিবর্তে বিটিটিবি চট্টগ্রাম-কক্সবাজার লিংক প্রকল্পের বিদ্যুৎ সরবরাহ কাজের জন্য পৃথক উদ্যোগ নিয়েছে এবং আলাদাভাবে স্থানীয় পর্যাযে দরপত্র আহবান করেছে।
সূত্র জানায়, নরটেল পরিকল্পনা মন্ত্রণালয়ের কেন্দ্রীয় ক্রয় কারিগরি ইউনিট (সিপিটিইউ)’র কাছে এ বিষয়ে অভিযোগ দায়ের করতে যাচ্ছে। সিপিটিইউ একটি চিঠিতে টেলি যোগাযোগ মন্ত্রণলালয়কে শীর্ষ কর্তৃপক্ষের অনুমোদন চূড়ান্ত হয়নি এমন একটি প্রকল্পের অংশ বিশেষের কাজের জন্য আলাদা করে দরপত্র আহবানের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করে।
সিপিটিইউ আরো জানায়, বিটিটিবি’র এমন উদ্যোগ সরকারি ক্রয় প্রক্রিয়া ও অনুমোদন প্রক্রিয়ার নীতি বিরুদ্ধ।
উচ্চ পর্যায়ের সূত্র জানায়, শনিবারের ক্রয়সংক্রান্ত কমিটির বৈঠকে এসব ইস্যুর প্রায় সবগুলো নিয়েই বিস্তারিত আলোচনা হবে।
