ভারতের কারাগার থেকে ৮৬ বাংলাদেশীকে হস্তান্তর
ভারতের কারাগারে আটক নারী ও শিশুসহ ৮৬ জনকে শুক্রবার দুপুরে বাংলাদেশের ইমিগ্রেশন পুলিশের (বেনাপোল) কাছে হস্তান্তর করা হয়।
গত ২০০৩ সালের আগস্টে পাঁচকোড়া সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করার সময় ৭৮ জন বাংলাদেশীকে বিএসএফ গ্রেফতার করে। অবৈধ প্রবেশের দায়ে ওই বছরই ডিসেম্বরে আদালত তাদের প্রত্যেকের বিরুদ্ধে ২ মাসের কারাদণ্ডাদেশ দেয়।
সাজার মেয়াদ গত ২০০৪ সালে শেষ হলেও নাগরিকত্ব প্রমাণ সংক্রান্ত জটিলতায় ১১ মাসের মত তাদেরকে কারাগারে কাটাতে হয়।
আটক ৭৮ জনের মধ্যে ২৮ জন শিশু, ৩০ জন নারী ও ২০ জন পুরুষ ছিলেন। কারাগারে থাকাকালীন আরও ৮টি শিশু জন্ম নেয়।
মুক্তিপ্রাপ্ত কয়েকজনের সাথে আলাপ করে জানা যায়, ভারতীয় কারা কর্তৃপক্ষ তাদের সাথে অমানবিক আচরণ করেছে। ২৫ জন বন্দীর ধারনক্ষমতাসম্পন্ন একটি সেলে তাদের সকলকে অমানবিকভাবে কাটাতে হয়েছে। এ সময় দু’জন নারী আত্মহত্যার চেষ্টা চালিয়েছে বলেও তারা জানান।
