আমি মোটেও চিন্তিত নই: বিডিনিউজকে শুক্রবার সকালে জানালেন তসলিমা
নারীবাদী লেখিকা তসলিমা নাসরিন কলকাতাতেই থাকবেন অনির্দিষ্ট সময়ের জন্য। ভারতের নাগরিকত্ব চেয়ে কেন্দ্রীয় সরকারের কাছে নাসরিন যে আবেদন করেছেন, এর সুরাহা হতেও সময় লাগবে। পাশাপাশি তিনি ভিসার সময় সীমা বাড়ানোর আবেদনও জানিয়েছেন। বিষয়গুলোর সমাধান না হওয়া পর্যন্ত কলকাতাতেই থাকছেন তিনি।
শুক্রবার সকালে কলকাতায় টেলিফোনে যোগাযোগ করলে বিডিনিউজকে তসলিমা নাসরিন জানান, কলকাতায় তার স্থায়ীভাবে থাকার মূল আকর্ষণ হচ্ছে, মাতৃভাষা বাংলা এবং দেশের খুব কাছাকাছি থাকা।এতে তার সাহিত্য চর্চাও সহজ হবে।
তাকে নিয়ে, তার বই নিয়ে কলকাতায় নানামুখী প্রচার সম্পর্কে তিনি বলেন, ‘আমি মোটেই চিন্তিত নই।’
নাসরিন বলেন, বিশ্বের সর্ব বৃহৎ গণতান্ত্রিক দেশ ভারতে মত প্রকাশের স্বাধীনতা রয়েছে বিস্তর। আমার লেখা নিয়ে বিতর্কও হতে পারে। এতে আমার ভারতে স্থায়ীভাবে থাকতে বাধা কোথায়!
লেখিকার ভারতবাসের মেয়াদ গত ২৮ ফেব্র“য়ারি শেষ হয়ে গেছে। ইউরোপীয় ইউনিয়নের নাগরিক নাসরিনের ভারতীয় নাগরিকত্ব দেওয়া বা না দেওয়ার বিষয়েও সরকার আশ্চর্যজনকভাবে নিশ্চুপ। স্পষ্টতই বিপাকে পড়েছে ভারত সরকার।
তারপরেও তার ভিসার মেয়াদ বাড়ানো অথবা নাগরিকত্ব না দেওয়া পর্যন্ত অনির্দিষ্ট সময়ের ভারতবাসের প্রস্তুতি তিনি বেশ কিছু ব্যবস্থা নিয়েছেন। এরই অংশ হিসেবে এখন কলকাতায় তিনি যে ফ্ল্যাট বাড়িতে থাকছেন, সেই বাড়িটির চুক্তি নবায়ন করা হয়েছে। নিজে একটি বাড়ি কেনার চেষ্টাও করছেন।
সেখানে রয়েছে একাধিক গোয়েন্দা সংস্থার কড়া নজরদারির পাশাপাশি সার্বক্ষণিক পুলিশী প্রহরা। নাসরিন যেখানেই যাচ্ছেন, সেখানেই তার সঙ্গে থাকছে সশস্ত্র গোয়েন্দারা। এমন কি তার বিরুদ্ধে দায়ের করা মামলার হাজিরা দিতে তিনি আদালত পাড়ায় গেলে সেখানেও তৎপর তার নজরদারি ও নিরাপত্তার দায়িত্বে নিযুক্ত এই গোয়েন্দারা।
ওদিকে অল ইন্ডয়া মাইনরিটি ফোরামসহ মুসলিম মৌলবাদী সংগঠনগুলো এখনও নাসরিনের বিরুদ্ধে সোচ্চার। পাশাপাশি প্রখ্যাত লেখক শিবনারায়ন রায়, সুনীল গঙ্গোপাধ্যায়সহ পশ্চিম বঙ্গের প্রগতিশীল ও মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী লেখক, পাঠক ও প্রকাশক মহল সবসময়ই স্বাগত জানিয়ে আসছে তাকে।
১৯৯৩ সালে প্রথম বই ‘লজ্জা’র মাধম্যে তসলিমা নাসরিন বিতর্কিত হন। ইসলামী মৌলবাদীরা তার মাথার দাম ঘোষণা করলে তিনি বাংলাদেশ ত্যাগ করতে বাধ্য হন।
