২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে এতিমদের জন্য নির্মিত শেখ হাসিনার প্রস্তাবিত শিশু পরিবার ১৭ মার্চ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রস্তাবিত শিশু পরিবারের চার কোটি ২১ লাখ টাকা ব্যয়ে নির্মিত নতুন ভবন আগামী ১৭ মার্চ প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া উদ্বোধন করবেন।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2005, 07:13 PM

Updated : 26 Apr 2022, 05:27 PM

চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ইউনিয়নের মঠখোলায় অবস্থিত সরকারি শিশু পরিবার হিসেবে উন্নীত নিবাসটি ১২ একর ২৪ শতাংশ ভূমির উপর প্রতিষ্ঠিত। জেলা গণপূর্ত বিভাগ নির্মাণ কাজ  বাস্তবায়ন  করে । এর মধ্যে রয়েছে দুটি ডরমেটরী ভবন, প্রশাসনিক ভবন, কর্মকর্তাদের জন্য বাসভবন।

বর্তমানে ওই নিবাসে মোট ২শ’ ৪০টি শিশু বসবাস করছে। সদনের তত্ত্বাবধায়ক মোঃ আবু বকর সিদ্দিক জানান, এর আগে শিশু সদনে ৪শ’ শিশুর আবাসনের ব্যবস্থা থাকলেও বর্তমানে শিশু পরিবারে উন্নীতকরণের পর মাত্র ১শ’ ৭৫জনের আবাসনের ব্যবস্থা থাকবে।

শিশু সদনের নিবাসীদের কারিগরি প্রশিক্ষণ এবং চাকরি দিয়ে পুনর্বাসনের ব্যবস্থা করা হচ্ছে। এছাড়া মেয়েদের বিয়ের ব্যবস্থাও করা হয় এখানে। সদনে বসবাসকারী নিবাসীদের লেখাপড়া ছাড়াও বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ যেমন ওয়েল্ডিং প্রশিক্ষণ, দর্জির কাজ, তাঁত এবং টাইপ রাইটিং প্রশিক্ষণসহ গৃহস্থালীর কাজও শেখানো হয়।

চাঁদপুর জেলা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ লোকমান হাকিম মল্লিক জানিয়েছেন, শিশু পরিবারের কাজ শেষ হবার পথে। প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন তাই দ্রুত কাজ শেষ করা হচ্ছে।

ব্রিটিশ সেনাদের অস্থায়ী ছাউনী বা মিনি ক্যান্টনমেন্ট ১৯৪৫ সালে রূপান্তর হয়েছিল বাবুরহাট সরকারি এতিমখানায়। অসহায় এবং পিতৃ-মাতৃহীন ছেলেমেয়েদের বেঁচে থাকার জন্য সরকারি ব্যবস্থাপনায় পরিচালিত হয় ওই এতিমখানা। তবে নিবাসীদের মনস্তাত্ত্বিক শান্তির জন্য বর্তমানে এর নাম রাখা হয়েছে ‘শিশু পরিবার’।