২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদকের ব্যবহার রোধে জনপ্রতিনিধিদের এগিয়ে আসার আহ্বান

সারাদেশে মাদক দ্রব্যের ব্যবহার মাত্রা ছাড়িয়ে গেছে। এটি বর্তমানে একটি সামাজিক সমস্যায় পরিনত হয়েছে। সামাজিক সচেতনতা সৃষ্টির মাধ্যমে একে নিয়ন্ত্রণ করতে হবে। এ জন্য প্রয়োজন জনপ্রতিনিধিদের এগিয়ে আসার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2005, 06:15 PM

Updated : 26 Apr 2022, 05:27 PM

বুধবার নগর ভবনে মেয়রের সভাকক্ষে ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণে জনপ্রতিনিধিদের ভূমিকা’ শীর্ষক এক সেমিনারে বক্তারা একথা বলেন। মাদক বিরোধী সংগঠন ‘প্রত্যাশা’ এবং আহছানিয়া মিশন যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে।

আহছানিয়া মিশনের নির্বাহী পরিচালক কাজী রফিকুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) মেয়র সাদেক হোসেন খোকা।

আলোচনায় অংশ নেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক আবু তালেব, ওয়ার্ড কমিশনার বাদল সর্দার, কাজী আবুল বাশার, রাজিয়া আলিম এবং প্রত্যাশা’র চেয়ারম্যান লিয়াকত আলী।

সাদেক হোসেন খোকা বলেন, বেকার যুবকদের মাঝে খুব দ্রুত মাদকের বিস্তার ঘটছে। এর বিরুদ্ধে অবিলম্বে জনসচেতনতা সৃষ্টি করা দরকার। এক্ষেত্রে জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করা গেলে কাজ অনেক সহজ হবে।

তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে আরও শক্তিশালী করার ওপরও গুরুত্বারোপ করেন।

আবু তালেব বলেন, প্রতি ২৫০,০০০ জন মানুষের জন্য একজন মাদক নিয়ন্ত্রণ কর্মী রয়েছে। এছাড়াও রয়েছে যানবাহনের সংকট ও অস্ত্রের অভাব।