২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেড়শ'টি আন্ডারগ্রাউন্ড পত্রিকা মাসে হাতিয়ে নিচ্ছে কোটি টাকার সরকারি বিজ্ঞাপন

দুর্নীতির আশ্র্রয় নিয়ে প্রচার সংখ্যাবিহীন আন্ডারগ্রাউন্ড পত্রিকাগুলো শীর্ষস্থানীয় জাতীয় দৈনিকগুলোর চেয়ে বছরে প্রায় ছয় কোটি টাকার সরকারি বিজ্ঞাপন হাতিয়ে নিচ্ছে। এর সঙ্গে ডিএফপি ও সরকারি উপর মহলের একটি শক্তিশালী চক্র জড়িত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2005, 01:27 PM

Updated : 26 Apr 2022, 05:27 PM

‘সরকারি বিজ্ঞাপন নীতিমালা: সংস্কারের প্রয়োজনীয়তা কতটুকু’ শীর্ষক এক সংলাপ অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন। ম্যাসলাইন মিডিয়া সেন্টার (এমএমসি) ও সাপ্তাহিক ২০০০ পত্রিকার উদ্যোগে বুধবার জাতীয় প্রেসক্লাবে আয়োজন করা হয় এই সংলাপ অনুষ্ঠানের।

এতে বলা হয়, ঢাকা থেকে প্রকাশিত দেড়শ’টি আন্ডারগ্রাউন্ড পত্রিকা মাসে সরকারি বিজ্ঞাপন পায় এক কোটি ৪০ লাখ ৪০ হাজার টাকা। বছরে পায় ১৬ কোটি ৮৪ লাখ ৮০ হাজার টাকা। অন্যদিকে দেশের শীর্ষস্থানীয় জাতীয় দৈনিকগুলো মাসে ৯০ লাখ টাকা এবং বছরে ১০ কোটি ৮০ লাখ টাকা সরকারি বিজ্ঞাপন পায়।

বক্তারা বলেন, এছাড়া আন্ডারগ্রাউন্ড পত্রিকায় প্রকাশিত গুরুত্বপূর্ণ দরপত্র অধিকাংশ ব্যবসায়ীর নজরে আসে না বলে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড এর মাধ্যমে ক্ষতিগ্রস্থ হচ্ছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট বুদ্ধিজীবী অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী এবং স্বাগত বক্তব্য রাখেন এমএমসির নির্বাহী পরিচালক কামরুল হাসান মঞ্জু। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাপ্তাহিক ২০০০ এর নির্বাহী সম্পাদক গোলাম মোর্তাজা। আলোচনায় অংশ নেন বিশিষ্ট সাংবাদিক খন্দকার আলী আশরাফ, ডেইলী স্টারের সম্পাদক মাহফুজ আনাম, দৈনিক সংবাদের নির্বাহী সম্পাদক মঞ্জুরুল আহসান বুলবুল, অধ্যাপক আসিফ নজরুল প্রমুখ।