সংসদ অধিবেশন সমাপ্ত : আগামী অধিবেশনে যোগ দিতে বিরোধী দলের প্রতি স্পিকারের আহ্বান
জাতীয় সংসদের ১৫তম অধিবেশন মঙ্গলবার রাতে শেষ হয়েছে। এ অধিবেশনের ২২ কার্য দিবসে মোট ১৩টি বিল পাস হয়েছে। প্রধান বিরোধী দল আওয়ামী লীগ এতে যোগ দেয়নি।
সংসদীয় প্রথা অনুযায়ী নতুন বছরের প্রথম অধিবেশনে গত ৩১ জানুয়ারি রাষ্ট্রপতি সংসদে ভাষণ দেন। ভাষণের ওপর ধন্যবাদ জ্ঞাপন করে সংসদ সদস্যরা বক্তব্য রাখেন। এ আলোচনা হয় মোট ১৭ ঘন্টা ৫৮ মিনিট।
কার্যপ্রণালী বিধির ৬২ ধারা অনুযায়ী, সংসদ মুলতবি করে সাবেক অর্থমন্ত্রী শাহ্ এএমএস কিবরিয়া হত্যাকাণ্ডের ওপর আলোচনা অনুষ্ঠানের দাবি নাকচ করায় আওয়ামী লীগ অধিবেশনে যোগ দেয়নি। তবে দলটি সংসদ বয়কটের আনুষ্ঠানিক কোনও ঘোষণা দেয়নি।
এদিকে, স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার বিরোধী দলকে সংসদের আগামী অধিবেশনে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার জাতীয় সংসদের ১৫তম অধিবেশনের সমাপনী ভাষণে তিনি বলেন, সংসদ পরিচালনায় আমি নিরপেক্ষতা বজায় রেখেছি। ভবিষ্যতেও তা বজায় রাখবো বলে বিরোধী দল ও দেশবাসীকে নিশ্চয়তা দিচ্ছি।
সদ্য সমাপ্ত অধিবেশনে পাস হওয়া ১৩ টি বিলের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) বিল ২০০৫, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (সংশোধন) বিল ২০০৫, দ্য মুসলিম ম্যারেজ এ্যাণ্ড ডিভোর্সেস (রেজিষ্ট্রেশন-এ্যামেণ্ডমেন্ট) বিল ২০০৫, জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন (সংশোধন) বিল ২০০৫ ইত্যাদি।
