চট্টগ্রামে দুটি সড়ক দুর্ঘটনায় নিহত ১ ও খেলোয়াড়সহ আহত ৪০
চট্টগ্রামে সোমবার পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ১জন নিহত এবং ফুটবল খেলোয়াড়সহ ৪০ জন আহত হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় ১৯ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কমলদহ এলাকায় বেলা ১২টার দিকে খেলোয়াড় কর্মকর্তা ও দর্শক বহনকারী একটি বাস (চট্টগ্রাম মেট্রো জ-১১-০২৩২) নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে অন্তত ৩২ জন আহত হয়। বনফুল দ্বিতীয় বিভাগ ফুটবল লিগে অংশ নিতে বাসটি মিরেরসরাই থেকে চট্টগ্রাম এম আজিজ স্টেডিয়ামে আসছিল।
এ দুর্ঘনার কারণে আগামী ১৮ মার্চ পর্যন্ত দ্বিতীয় বিভাগ লিগের সকল খেলা স্থগিত করা হয়েছে।
অপর ঘটনায় পটিয়ার শাহাবদি মার্কেটের সামনে বিডিআর’র একটি ট্রাক এবং একটি যাত্রীবাহী টেম্পোর মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং ৭ জন আহত হয়েছে। নিহতের নাম আজগর আলী (৭৭)।
আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
