২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডাকাতির ঘটনায় জিজ্ঞাসাবাদ করতে গালিবকে কোটালিপাড়া নেয়া হচ্ছে

জেলার কোটলিপাড়া ব্র্যাক অফিসে ১৭ জানুয়ারির ডাকাতি মামলার অন্যতম আসামী বাংলাদেশ আহলে হাদিস ইসলামী জঙ্গি সংগঠনের নেতা ড. আসাদুল্লাহ গালিবকে জিজ্ঞাসাবাদের জন্য খুব শিগগির কোটালিপাড়া নিয়ে যাওয়া হচ্ছে। পুলিশ সূত্র এ কথা জানিয়েছে।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2005, 07:05 PM

Updated : 26 Apr 2022, 05:26 PM

টুঙ্গিপাড়ার বাঁশবাড়িয়া থেকে অস্ত্র, গোলাবারুদ ও সাতটি টাইম বোমাসহ পুলিশের কাছে আটক ইসলামী জঙ্গি সংগঠনের সাত সদস্য গত মঙ্গলবার আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। ওই জবানবন্দি অনুয়ায়ী পুলিশ ড. গালিবকে ডাকাতি মামলার আসামী করে।

কোটালিপাড়া থানার ওসি শাহ কবির জানান, ঘটনার দিন রাতে উপজেলার পশ্চিমপাড় ব্র্যাক অফিসের কর্মকর্তা-কর্মচারীরা অফিসের কাজ করছিলেন। এ সময় ১৫/২০ জনের একটি সশস্ত্র দল অফিসে ঢুকে তাদের জিম্মি করে অফিস থেকে ছয়টি মোটর সাইকেল, পাঁচটি মোবাইল ফোন, দুটি বাইসাইকেল, স্বর্ণের আংটি এবং হাতঘড়িসহ বেতন বোনাসের প্রায় ১ লাখ টাকা নিয়ে পালিয়ে যায়।

পরে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ ঘটনার সাথে জড়িত সন্দেহে পাঁচ জেলার সাতজনকে আটক করে। তাদের স্বীকারোক্তি অনুয়ায়ী জেলার বিভিন্ন স্থান থেকে লুট হয়ে যাওয়া পাঁচটি মোটর সাইকেল, একটি নাইন এম.এম রিভলবার, দুরাউণ্ড তাজা গুলি এবং সাতটি টাইম বোমা উদ্ধার করা হয়। তাদের স্বীকারোক্তি অনুযায়ী  রাজশাহী থেকেও তিনজনকে গ্রেপ্তার করা হয়।

আদালতে দেয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে ইসলামী জঙ্গি সংগঠনের ওই সাত সদস্য জানায়, ড. গালিবের নির্দেশে এবং গোপালগঞ্জের রাসেল, বিল্টুসহ বেশ কয়েকজনের সহায়তায় তারা ব্র্যাক অফিসে ডাকাতি করে। তারা জানায়, দেশের বিভিন্ন বিভাগীয় শহর, জেলা ও উপজেলাগুলোতে অবস্থিত এনজিও অফিসগুলোতে ডাকাতি করা টাকা দিয়েই মূলত তাদের সংগঠন চলে।

ওসি শাহ কবির জানান, ড. গালিবকে জিজ্ঞাসাবাদ করা হলে এ ব্যাপারে আরো অনেক গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসতে পারে। অভিযুক্ত ব্যক্তিদের চূড়ান্ত তালিকা তৈরির কাজ চলছে। এপ্রিলের প্রথম সপ্তাহে  অভিযুক্তদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দািখল করা হবে।