চট্টগ্রাম ইপিজেডে অগ্নিকাণ্ড, ৫ কোটি টাকার ক্ষতি
চট্টগ্রাম ইপিজেডের ইয়াংওয়ান ফ্যাক্টরির গুদামে রোববার রাতে ভযাবহ অগ্নিকাণ্ডে পাঁচকোটি টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, বিদ্যুতের শট সার্কিট থেকে রাত ১০ টার দিকে আগুনের সূত্রপাত হয়। প্রথমে ইপিজেডের দমকল বাহিনী এবং পরে অন্যান্য স্টেশন থেকে নয়টি গাডি আগুন নেভাতে চেষ্টা করেও ব্যর্থ হলে নৌ ও বিমান বাহিনীর দমকল ইউনিটকে খবর দেয়া হয়। অবশেষে রাত প্রায় ২ টার দিকে সম্মিলিত প্রয়াসে আগুন নিয়ন্ত্রণে আসে।
অগ্নিকাণ্ডের ফলে গুদামে রক্ষিত প্রায় পাঁচ কোটি টাকা মূল্যের বিভিন্ন কাঁচামাল পুড়ে ছাই হয়ে যায়। তবে অগ্নিকাণ্ডের কারণ ও প্রকৃত ক্ষয়ক্ষতি সম্পর্কে ইয়াংওয়ান কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
ঘটনার পর ইপিজেড এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
