বরগুনায় বাসশ্রমিকদের হামলায় আহত ৫০, ব্যাপক ভাংচুর অগ্নি সংযোগ
বরগুনা-বেতাগী রুটে রোববার বিকেলে বাস শ্রমিকদের সাথে টেম্পু শ্রমিকদের দ্বন্দ্বের জের ধরে বাসমালিক সমিতি সমর্থিত বাস শ্রমিকদের হামলায় কর্মপক্ষে ৫০ জন আহত হয়েছে। এসময় বিভিন্ন ধরনের প্রায় ৪০টি যানবাহন ভাংচুর এবং অগ্নি সংযোগ করা হয়।
বরগুনা বেতাগী রুটে বাস শ্রমিকদের সাথে টেম্পু মালিকদের আগে থেকেই দ্বন্দ্ব ছিল। বাস শ্রমিকরা এই রুটে টেম্পু চলাচলে বাধা দিয়ে আসছিল। একটি সূত্র জানায়, রোববার বিকেলে এই রুটে একটি যাত্রীবাহী টেম্পুকে বাস শ্রমিকরা বাধা দিলে টেম্পুর যাত্রীরা তাদেরকে মারধর করে।
পরে বাস মালিক সমর্থিত শ্রমিকরা চারটি ট্রাক ভর্তি হয়ে কাউনিয়া, মুকামিয়া, বেতাগী এবং কাজিরহাট বাস স্ট্যাণ্ডে হামলা চালায়।
তারা যাত্রী, পথচারি, দোকানদারসহ যাকে যেখানে পেয়েছে তার উপরই হামলা চালিয়েছে।
বাস শ্রমিকদের হামলায় কমপক্ষে ৫০ জন আহত হয়। আহতদের মধ্যে সাইদুর রহমান, মকবুল, শান্ত, বাদল এবং রিয়াজকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।
এসময় ছোট বড় বিভিন্ন ধরনের প্রায় ৪০টি যানবাহন ভাংচুর এবং অগ্নি সংযোগসহ কয়েকটি দোকান ভাংচুর করা হয়।
হামলার পর এই রুটে প্রায় সকল ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত সেখানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
এ ঘটনায় কাউকে গ্রেফতার বা কোনও মামলা হয়নি।
