সংরক্ষিত মহিলা আসনের সদস্যদের উন্নয়নকাজে সম্পৃক্ত না করার অভিযোগ
নীলফামারী সদর উপজেলার সংরক্ষিত মহিলা আসন থেকে নির্বাচিত সদস্যরা অভিযোগ করেছেন, ইউনিয়ন পর্যায়ের কোন উন্নয়ন কর্মকান্ডে তাদের সম্পৃক্ত করা হয় না।
রোববার জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর কার্যালয়ে সংরক্ষিত মহিলা আসন সদস্য সমিতি আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এ অভিযোগ করেন। সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির সভানেত্রী নাসরিন আক্তার। এ সময় সাধারণ সম্পাদিকা রশিদা বেগম, কোষাধ্যক্ষ দিলারা আক্তার, সাংগঠনিক সম্পাদিকা রশিদা বেগমসহ ৬০ জন সদস্য উপস্থিত ছিলেন।
সম্মেলনে তারা অভিযোগ করেন, ভিজিডি, ভিজিএফ, বয়স্ক ভাতা, বিধবা ভাতা ইত্যাদির জন্যে মনগড়া তালিকা তৈরি করেন চেয়ারম্যান ও অন্যান্য সদস্যরা। কোন কোন ক্ষেত্রে টাকার বিনিময়ে নাম তালিকাভূক্ত করা হয়। এর প্রতিবাদ করলে তাদের হাতে লাঞ্ছিত হতে হয় সংরক্ষিত মহিলা আসনের সদস্যদের।
তারা আরও অভিযোগ করেন, কাবিখা, কাবিটা এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প কমিটিতে সংরক্ষিত মহিলা আসনের সদস্যদের রাখা হয় না। ক্ষেত্রবিশেষে তাদের জানানোর প্রয়োজনটুকু মনে করে না ইউপি চেয়ারম্যানরা।
