২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এডিবি প্রস্তাবিত সংস্কার কর্মসূচি বাস্তবায়নে সরকার নীতিগতভাবে সম্মত

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) প্রস্তাবিত সংস্কার কর্মসূচি বাস্তবায়নে সরকার নীতিগতভাবে সম্মত হয়েছে। আজ রোববার গ্যাস খাত উন্নয়ন প্রকল্পে অর্থায়ন বিষয়ক এডিবি‘র দলিলের উপর সমাপনী আলোচনায় সরকারের পক্ষ থেকে নীতিগত সম্মতির কথা জনানো হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2005, 08:15 PM

Updated : 26 Apr 2022, 05:26 PM

তবে প্রকল্প মনিটরিং কাজে পেট্রোবাংলা তাদের নিয়ন্ত্রণ রাখতে নানা প্রস্তাব তুলে ধরলেও এডিবি মিশন তা গ্রহন করেনি।

সংশোধিত হিসাব অনুসারে মোট প্রকল্প ব্যয় ৪১০ মিলিয়ন মার্কিন ডলার। যার মধ্যে বৈদেশিক মুদ্রার পরিমাণ ২৩০ মিলিয়ন ডলার যা এডিবি সরকারকে গ্যাস খাত উন্নয়নে ঋণ হিসেবে দেবে। অন্যদিকে সরকার জোগান দেবে ১৮০ মিলিয়ন ডলারের সমপরিমাণ টাকা।

সভার শুরুতে এডিবি দলিলের মূখ্য দিকগুলো নিয়ে আলোকপাত করেন মিশন প্রধান পিয়া গুণাবর্ধণে।

সমাপনী সভায় জ্বালানি সচিব, পেট্রোবাংলার চেয়ারম্যান ও পরিচালক (পরিকল্পনা), সকল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও উর্দ্ধতন কর্মকর্তা, পরিকল্পনা মন্ত্রনালয় এবং বহিঃসম্পদ বিভাগের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

দলিলে এডিবি গ্যাস খাতের সকল কোম্পানিকে আর্থিকভাবে স্বাবলম্বি এবং দক্ষ করার জন্যে পুরোপুরি স্বাধীনভাবে পরিচালনার নীতিমালা প্রণয়ণে সর্বাধিক গুরুত্ব আরোপ করে। একই সাথে তারা এই ঋণ কার্যকর হওয়ার আগেই এনার্জি রেগুলেটরি কমিশনকে (ইআরসি) পরিপূর্ণভাবে কার্যকর করতে বলেছে। তবে এর জবাবে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে এটি একটি পুরো স্বাধীন স্বত্তা। আইন অনুসারে তাদের কাজে কোনো বাধা নেই।

এডিবির প্রস্তাবে পেট্রোবাংলাকে গ্যাস খাতের একমাত্র ক্রেতা হিসাবে দায়িত্ব দেয়ার পরামর্শ দেয়া হয়। বলা হয়, বর্তমানে আইওসি‘র মতো দেশীয় উৎপাদন কোম্পানিগুলোর সাথেও পেট্রোবাংলাকে গ্যাস ক্রয় চুক্তি করতে হবে। আর অপর একটি চুক্তির আওতায় পেট্রোবাংলার কাছ থেকে বিতরণ কোম্পানিগুলো গ্যাস কিনবে। তবে সঞ্চালনের জন্যে জিটিসিএল এর সাথে ভিন্ন চুক্তি স্বাক্ষর করবে।

এডিবি মনে করে জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগ আনার পরিবেশ সৃষ্টির জন্য পাবলিক সেক্টরের কাজকে স্বচ্ছ করতে হবে। একই সাথে জ্বালানি মূল্য নির্ধারণ সরকারের নিয়ন্ত্রণের বাইরে এনে ইআরসিকে দিতে হবে। এছাড়াও সঞ্চালনের জন্যে বাজারমুখি হুইলিং চার্জ নির্ধারণ করতে হবে। যাতে করে সঞ্চালন ও বিতরণ খাতে বেসরকারি কোম্পানিগুলো বিনিয়োগে আগ্রহী হয়।

এডিবি সহায়তা দিতে আগ্রহী প্রকল্পগুলোর অধিকাংশই সঞ্চালন খাতের। এর মধ্যে আছে মনোহরদি-ধনুয়া ৩০ ইঞ্চি ব্যাসের ৫১ কিলোমিটার, হাটিকামরুল-ঈশ্বরদি-ভেড়ামারা ২০ ইঞ্চি ব্যাসের ৮৭ কিলোমিটার, বনপাড়া-রাজশাহী ১২ ইঞ্চি ব্যাসের ৬০ কিলোমিটার, এবং ভেড়ামারা-খুলনা ২০ ইঞ্চি ব্যাসের ১৬৫ কিলোমিটার সঞ্চালন পাইপলাইন।

এর বাইরে রয়েছে সঞ্চালন লাইনের প্রবাহ ক্ষমতা ও চাপ বাড়ানোর জন্যে জিটিসিএল’র মুচাই ম্যানুফল স্টেশনে ও আশুগঞ্জ  রেগুলেটিং স্টেশনে কমপ্রেসার স্থাপন। এ্যাপ্রেজাইল এন্ড ফিল্ড উন্নয়ন প্রকল্পের আওতায় এডিবি সিলেট গ্যাস ফিল্ডে একটি এবং বাংলাদেশ গ্যাস ফিল্ডে দুটি থ্রি-ডি সাইসমিক সার্ভে করার জন্যে ঋণ দেবে। আর এই কাজ তারা বাপেক্সকে দিয়ে করানোর ব্যাপারে সম্মত হয়েছে। সর্বপরি এডিবি রাজশাহীতে বিতরণ নেটওয়ার্ক স্থাপনে ঋণ দেবে।

পেট্রোবাংলার পক্ষ থেকে বনপাড়া-রাজশাহী ছাড়া পাইপলাইনগুলো ১৬ ইঞ্চি এবং অপর লাইনগুলোর ব্যাস ৩০ ইঞ্চি করার প্রস্তাব করেছিল। কিন্তু এডিবি বাণিজ্যিকভাবে লাভজনক হবে না এই বিবেচনায় বনপাড়া-রাজশাহী ১২ ইঞ্চি এবং অপর লাইনগুলো ২০ ইঞ্চি ব্যাসের করার প্রস্তাব করেছে। একই সাথে তারা এই লাইনগুলো সঞ্চালন ক্ষমতা বাড়ানোর জন্য এলেঙ্গায় আরো একটি কমপ্রেসার স্থাপনের প্রস্তাব করেছে। পরে প্রয়োজনে ভেড়ামারায় আরো একটি কমপ্রেসার বসিয়ে গ্যাসের বাড়তি চাহিদা মেটানো সম্ভব হবে। 

সরকারকে ২৫ মার্চের মধ্যে “এডিবি‘র পরামর্শসহ” ঋণ নেবে কিনা সে বিষয়ে নিশ্চিত করতে হবে। বাংলাদেশের সবুজ সংকেত পেলে এডিবি এই প্রকল্পের একটি ব্যবস্থাপনা মূল্যায়ন করবে ১১ এপ্রিলের মধ্যে। এরপর ২৫ থেকে ২৮ এপ্রিল ঢাকায় কাজ করবে একটি এ্যাপ্রেইজাল টিম। তাদের কাজ শেষে ২৩ থেকে ২৬ মে চলবে ঋণ নেগোসিয়েশন। ২৯ জুন প্রস্তাব এডিবি‘র বোর্ড সভায় অনুমোদনের জন্যে পেশ করা হবে। অনুমোদন হলে এই ঋণ তিন মাসের মধ্যে কার্যকর হবে।

এডিবি‘র প্রতিবেদনে বলা হয়েছে যে, ২০২০ সাল পর্যন্ত গ্যাস খাতে তিন বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ দরকার হবে। বলা হয়, নিু প্রবৃদ্ধির হার ধরলেও ২০১৫ সালে দেশে প্রতিদিন গ্যাস চাহিদা দাঁড়াবে ২,৫০০ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি)। উচ্চ প্রবৃদ্ধির হার বিবেচনায় আনলে এই চাহিদা হবে ৩,২০০ এমএমসিএফডি। বর্তমান মজুদের বিচারে নতুন আবিষ্কার না হলে ২০১৬ সালে গ্যাস ঘাটতি হবে ২৪৯ এমএমসিএফডি। ২০২৫ সালে এই ঘাটতির পরিমাণ দাঁড়াবে ৪,৪২১ এমএমসিএফডি। এই সময়কাল পর্যন্ত দেশে মোট গ্যাসের প্রয়োজন হবে ২৩ দশমিক ২২৫ ট্রিলিয়ন ঘনফুট (টিসিএফ)। বর্তমান মজুদের পরিমাণ ১৪ দশমিক ৮৭১ টিসিএফ। অর্থাৎ ঘাটতি দাঁড়াবে ৮ দশমিক ৩৫৪ টিসিএফ।

এডিবি মনে করে বর্তমানে দেশের সম্ভবনাময় গ্যাসের পরিমাণ ৮৮ টিসিএফ। সরকারের এখনই উচিত ব্যাপকভিত্তিক অনুসন্ধান করে গ্যাসের মজুদ বৃদ্ধি করা।

দেশের গ্যাস সঞ্চালনে বর্তমান সংকট এবং নিম্নচাপ জনিত সমস্যার কথা বিবেচনা করে প্রকল্প অনুমোদনের আগেই কমপ্রেসার স্থাপনের জন্যে কারিগরি সহায়তা দেয়া প্রস্তাব করেছে সরকার। এতে এডিবি মিশন সম্মতি প্রকাশ করে বলেছে এটি তারা দলিলে অর্ন্তভূক্ত করবে।