২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বোমা পাতার উড়ো খবরে কুয়েত ফ্লাইট তিন ঘন্টা বিলম্বিত, এক ব্যক্তি আটকসহ আপডেট

কুয়েত এয়ারওয়েজের উড়োজাহাজে বোমা পাতা রয়েছেÑএই উড়ো খবরে রোববার সকালে ফ্লাইটটি তিন ঘন্টা বিলম্বিত হয়। ব্যাপক তল্লাশীর পর সকাল সাড়ে ৯টার দিকে ফ্লাইটটি কুয়েতের উদ্দেশে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়।ফ্লাইটটি সকাল সাড়ে ৬ টায় জিয়া ছেড়ে যাওয়ার কথা ছিল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2005, 07:10 PM

Updated : 26 Apr 2022, 05:26 PM

এদিকে টেলিফোনে উড়ো খবর দেওয়ার দায়ে পুলিশ বিকেলে মিরপুর থেকে মাহমুদ হাসান চিশতি নামে এক ব্যক্তিকে আটক করে। সে আমিরাত এয়ারলাইন্সের একজন কর্মচারি।

সিভিল এভিয়েশনের একজন নিরাপত্তা কর্মকর্তা বিডিনিউজকে জানান, যাত্রীরা ফ্লাইটে ওঠার আগেই রোববার ভোররাতে জিয়া বিমানবন্দরে একটি উড়ো টেলিফোন আসে। অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি ফোনে জানায়, কুয়েত ফ্লাইটে শক্তিশালী বোমা পাতা রয়েছে।

কর্মকর্তা জানান, এই খবরে যাত্রা স্থগিত করে নিরাপত্তাকর্মীরা পুরো ফ্লাইটটিতে ব্যাপক তল্লাশী চালায়। কিন্তু শেষ পর্যন্ত আপত্তিকর কিছু পাওয়া যায়নি। তিন ঘণ্টা বিলম্বে সকাল সাড়ে ৯টার দিকে ফ্লাইটটি জিয়া বিমানবন্দর ছেড়ে যায়।

বোমা পাতার খবরে যাত্রীদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। পরে অবশ্য তারা স্বস্তি ফিরে পায়।

জিয়া বিমানবন্দরের পরিচালক ইউং কামণ্ডার হুমায়ুন রেজা বিডিনিউজকে জানান, কলার আইডির সূত্র ধরে সিভিল এভিয়েশন কর্র্তৃপক্ষ পুলিশে খবর দেয়। যে টেলিফোন থেকে বোমা পাতার উড়ো খবর দেওয়া হয়েছিল, পুলিশ ওই নম্বরের সূত্র ধরে মিরপুরের এক বাসা থেকে আমিরাত এয়ারলাইন্সের কর্মচারি মাহমুদ হাসান চিশতিকে আটক করে।

ভিন্ন একটি সূত্র জানায়, আটকের পর একাধিক গোয়েন্দা সংস্থা তাকে ওই বিষয়ে জিজ্ঞাসাবাদ করে। শেষ খবর পাওয়া পর্যন্ত আটক ব্যক্তির জিজ্ঞাসাবাদ চলছিল।