২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লালমনিরহাটের প্রত্যন্ত গ্রামে জঙ্গীদের অর্ধ শতাধিক আস্তানার সন্ধান

লালমনিরহাটের প্রত্যন্ত গ্রামগুলোতে উগ্র মৌলবাদী বিভিন্ন সংগঠনের প্রায় অর্ধ শতাধিক আস্তানার সন্ধান পেয়েছে পুলিশ।

লালমনিরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2005, 06:33 PM

Updated : 26 Apr 2022, 05:26 PM

জামায়েতুল মুজাহেদ্বীন, আমরা বাংলা ভাই সংগঠন, কেতাল পার্টি, মুজাহিদ সেনা ইত্যাদি নামে এই এলাকায় জঙ্গী তৎপরতা চলছিলো বলে পুলিশ ও স্থানীয় সূত্র দাবি করে। 

গত ৫ মার্চ জেলার কালীগঞ্জ উপজেলার চলবলায় জমর আলী ও ইয়াকুব নামের জামায়েতুল মুজাহেদীনের দুই সদস্যকে পুলিশ আটক করার পর তারা এসব তথ্য ফাঁস করে বলে জানা যায়। 

পুলিশ এই দুই যুবকের কাছ থেকে মৌলবাদী ইসলামী সংগঠনের বেশকিছু কাগজপত্র ও সদস্য ভর্তির ফরমও উদ্ধার করেছিলো।

পুলিশ, গোয়েন্দা সংস্থা ও এলাকাবাসী জানায়, আদিতমারি উপজেলার মহিষখোঁচা এলাকায় অবস্থিত আহলে হাদিসের শক্তিশালী ঘাটি থেকেই এ জেলায় উগ্র মৌলবাদী চক্রের উত্থান।

ডা. গালিব গ্রেফতারের পর মহিষখোঁচার আহলে হাদিস অনুসারীদের মধ্য অনেকেই আত্মগোপন করে বলেও তারা জানায়।

স্থানীয় সূত্র জানায়, মাওলানা মামুন নামের দিনাজপুরের এক ব্যক্তি তেলীপাড়া গ্রামে গিয়ে স্থানীয় যুবকদের সংগঠিত করে এবং তিস্তা নদীর দূর্গম চরাঞ্চলের মসজিদ ও মাদ্রাসাগুলোতে শারীরিক কসরতসহ নানা প্রশিক্ষণ চালু করে।

ঐ এলাকার মোস্তাব আলী এ সমস্ত কর্মকান্ডে আর্থিক ও অন্যান্য সহযোগিতা করে আসছিল বলে এলাকাবাসী অভিযোগ করে। বর্তমানে মোস্তাব আলী পলাতক রয়েছে।