১৩ মার্চকে 'সন্ত্রাস বিরোধী দিবস' ঘোষণার দাবী জানিয়েছে ছাত্র ইউনিয়ন
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন এবং সমমনা সংগঠনগুলো ১৩ মার্চকে ‘সন্ত্রাস বিরোধী দিবস’ হিসেবে ঘোষণার জন্য রোববার ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছে।
১৯৯২ সালের এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সদস্য মঈন হোসেন রাজু ছাত্রলীগ এবং ছাত্রদলের মধ্যে গুলিবিনিময়ের সময় ক্রসফায়ারে পড়ে মারা যান।
দিবসটি উপলক্ষ্যে বামপন্থী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, প্রগতিশীল ছাত্র জোট এবং সমমনা অন্য সংগঠনগুলো বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের সামনে রাজু সন্ত্রাস বিরোধী ভাষ্কর্যে পুষ্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে দুইদিনব্যাপী কর্মসূচী শুরু করেছে। উল্লেখ্য, এই স্থানটিতেই রাজু গুলিবিদ্ধ হয়েছিলেন।
কর্মসূচির অংশ হিসেবে সকালে রাজু ভাষ্কর্যে চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের অধ্যাপক নিসার হোসাইন এই প্রদর্শনীর উদ্বোধন করেন। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন এ উপলক্ষ্যে টিএসসি থেকে একটি র্যালী বের করে।
দিবসটি উদযাপনকারী সংগঠনগুলো সোমবার কর্মসূচীর শেষ দিন চিত্র প্রদর্শনী, বিতর্ক এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে।
