উত্তরবঙ্গের ৩৪ থানায় সুদমুক্ত ঋণ বিতরণ কর্মসূচি
নীলফামারীসহ উত্তরবঙ্গের ৩৪টি থানায় দুর্যোগজনিত ঝুঁকি হ্রাস কর্মসূচির আওতায় সরকার সুদমুক্ত ঋণ হিসেবে ২১ কোটি টাকা বিতরণের কর্মসূচি হাতে নিয়েছে। অর্থনৈতিকভাবে এসব এলাকার হতদরিদ্র পরিবারকে স্বাবলম্বী করাই এই কমসূচির মূল লক্ষ্য।
জানা গেছে, সরকার এই কর্মসূচির আওতায় গত বছরের ১৪ ডিসেম্বর উত্তরাঞ্চলের ৩৪ থানায় ২১ কোটি টাকা বরাদ্দ দেয়। এর মধ্যে নীলফামারীর জলঢাকা, কিশোরগঞ্জ, সৈয়দপুর, রংপুরের গঙ্গাচড়া, কাউনিয়া, পীরগঞ্জ, গাইবান্ধার গোবিন্দগঞ্জ, সমুদ্রগঞ্জ, সাঘাটা, বেলকুচি, কুড়িগ্রামের উলিপুর, নাগেশ্বরী, চিলমারী, রাজীবপুর, ভুরুঙ্গামারী, লালমনিরহাটের কালীগঞ্জ, হাতিবান্দা, আদিতমারী, পাটগ্রাম, সিরাজগঞ্জের রায়গঞ্জ, কলকুচি, চৌহালী, পাবনার সুজানগর, রাজশাহীর পবা, গোদাবাড়ি, বগুড়ার সারিয়াকান্দি, ধুনট, গাবতলী ও সোনাতলা থানায় দরিদ্র পরিবারকে স্বাবলম্বী করতে কর্মসূচির কার্যক্রম দ্রুত গতিতে এগিয়ে চলছে।
কর্মসূচির আওতায় থানাগুলোর মধ্যে অধিক ঝুঁকিপূর্ণ ইউনিয়ন নির্বাচন করে প্রতি পরিবারকে সর্বনিু ৫ থেকে ২০ হাজার টাকা ঋণ সহায়তা দেয়া হবে। সুবিধাভোগীরা মাসিক, দ্বি-মাসিক, ত্রৈ-মাসিক কিস্তিতে ঋণ নেওয়ার ৬ মাস পর থেকে পরবর্তী ২ বছরের মধ্যে ঋণ পরিশোধ করতে পারবে। এক্ষেত্রে সুবিধাভোগীদের দিতে হবে মাত্র ৪ ভাগ সার্ভিস চার্জ।
কর্মসূচির আওতায় হস্তচালিত তাঁতশিল্প, ক্ষুদ্র ও কুটির শিল্প, নৌকা, রিকসা, মোটরচালিত যানবাহন, নার্সারি, গবাদিপশু ও হাঁসমুরগি, ক্ষুদ্র মৎস্যখামার প্রতিষ্ঠার জন্য ঋণ দেওয়া হবে।
উত্তরবঙ্গের অনুন্নত ও অবহেলিত ৩৪ থানায় এ কর্মসূচি সফলতার সাথে বাস্তবায়িত হলে আর্থ-সামাজিক খাতে বড় ধরনের ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।
