২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লো-ভোল্টেজের কারনে জিকে প্রজেক্টের মেইন পাম্প ষ্টেশন চালু করা যাচ্ছে না

দেশের বৃহত্তম পানি সেচ প্রকল্প-গঙ্গা-কপোতাক্ষ সেচ প্রকল্পের (জিকে) মেইন পাম্প ষ্টেশন লো-ভোল্টেজের কারনে যথা সময়ে চালু করা সম্ভব হবে না বলে আশঙ্কা দেখা দিয়েছে। পর্যাপ্ত পরিমান বিদ্যুতের অভাবে পাম্প ষ্টেশন চালু না হওয়ায় প্রকল্পের চলতি খরিফ-১ (আউশ) মৌসুমে সেচ কার্যক্রম ব্যাহত হওয়ার সম্ভবনা রয়েছে। ফলে সেচ নির্ভর ইরি-বোরো আবাদ এখন হুমকির মুখে।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2005, 01:45 PM

Updated : 26 Apr 2022, 05:26 PM

জানা গেছে, জিকে প্রজেক্টের মেইন পাম্প ষ্টেশন গত বৃহস্পতিবার সকালে চালু করার কথা ছিল। কিন্তু পর্যাপ্ত পরিমান বিদ্যুতের অভাবে পাম্প ষ্টেশনটি চালু করা সম্ভব হয়নি। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সুত্রে জানা যায়, মেইন পাম্প ষ্টেশনটি চালু করতে কমপক্ষে ৫ দশমিক ৫ কেভি বিদ্যুৎ প্রয়োজন। কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে ৪ দশমিক ৭ কেভি থেকে ৪ দশমিক ৯ কেভি। প্রয়োজনের তুলনায় অনেক কম বিদ্যুৎ থাকায় পাম্প চালু করা সম্ভব হচ্ছে না।

সুত্রটি আরো জানায়, খরিফ-১ মৌসুমে  প্রতিদিন ৮ শত থেকে ১ হাজার কিউসেক পানি সেচ খালে সরবরাহের টার্গেট নিয়ে যখন পাউবো সকল প্রস্তুতি সম্পন্ন করে পাম্প চালানোর উদ্যোগ নেয়, ঠিক সেই সময় লো-ভোল্টেজের কারনে সময়মতো পাম্প চালু করা সম্ভব হচ্ছে না। প্রকল্পের সুবিধাভোগী কৃষকদের অবর্ননীয় দুর্গতির কথা উল্লেখ করে লো-ভোল্টেজের সমস্যা দ্রুত নিরসন করার জন্য পানি উন্নয়ন বোর্ড (পাউবো) পাওয়ার গ্রীড কোম্পানী অব বাংলাদেশ (পিজিসিবি)কে চিঠি দিয়েছে। কিন্তু পিজিসিবি তার কোন জবাব দেয়নি বলে জানা গেছে। ফলে পাম্প চালুর বিষয়ে পাউবোর কর্মকর্তারা পড়েছেন মহা বিপাকে।

লো-ভোল্টেজের জন্য জিকে প্রজেক্টের মেইন পাম্প ষ্টেশন চালু করা সম্ভব হচ্ছে না -এই সত্যতা স্বীকার করে পিজিসিবি ঝিনাইদহের ম্যানেজার শফিউল আলম ফোনে জানান, গত কয়েকদিন আগে পাউবো’র কর্মকর্তাদের চিঠি পেয়ে পুরো বিষয়ে অবগত হয়েছি। কিন্তু ব্যবস্থা নিতে পারছি না। কারন এটা একটি জাতীয় সমস্যা। ন্যাশনাল গ্রীডে ১৩২ কেভি বিদ্যুৎ থাকার কথা থাকলেও বর্তমানে সেখানে পাওয়া যাচ্ছে মাত্র ১০৭ কেভি থেকে ১১৭ কেভি।

ভেড়ামারার আবাসিক প্রকৌশলী রেজাউল আলম জানান, জিকে প্রজেক্ট পিডিবি’র গ্রাহক। আমরা ধারনা করছি, যদি পাম্প ষ্টেশনে ক্যাপাসিটর ব্যাংক বসানো যায়, তাহলে লো-ভোল্টেজের সমস্যা দূর করা সম্ভব হবে। তবে এটা ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ ব্যাপার।

এদিকে বৃহত্তর কুষ্টিয়ার কৃষকরা পাম্প বন্ধের কারনে পানি না পাওয়ায় ফুঁসে উঠেছে। তারা তাদের আবাদী জমির পানির চাহিদা কিভাবে মেটাবেন,তা ভেবে দিশাহারা। জিকে প্রজেক্টের পাম্প চালু না হলে মাঠের উঠতি ইরি-বোরো ধানের ব্যাপক ক্ষতি হবে বলে আশংঙ্কা করছেন তারা। কৃষি সম্প্রসারন অধিদপ্তর সুত্রে জানা যায়, পেনিকেল ষ্টেজে ধানের গোড়াতে ১০ থেকে ১৫ সেঃ মিঃ পানি জমিয়ে না রাখলে ধানের ব্যাপক ক্ষতির আশঙ্কা থাকে। তাই এ মুহুর্তে পানি খুবই  জরুরী।