ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন ডাকাতি, লক্ষাধিক টাকার মালামাল লুট, আহত ৭
শনিবার আনুমানিক রাত সাড়ে আটটার সময় ব্রাহ্মণবাড়িয়ায় ঢাকাগামী ‘উপকূল এক্সপ্রেস’ ট্রেনে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় লক্ষাধিক টাকার মালামাল লুট এবং সাত যাত্রী আহত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘উপকূল এক্সপ্রেস’ ট্রেনটি ক্রসিং-এর জন্য মন্দবাগ রেলষ্টেশনে যাত্রাবিরতি করলে ৮/১০ জনের একটি সশস্ত্র ডাকাত দল ‘ঞ’ চিহ্নিত বগীতে উঠে যাত্রীদের বেধড়ক মারধর শুরু করে।
তাদের আক্রমনে কুমিল্লা সেনানিবাসের একজন সেনা সদস্যসহ সাত যাত্রী আহত হয়।
ডাকাতরা যাত্রীদের কাছ থেকে নগদ টাকা এবং স্বর্নালংকারসহ লক্ষাধিক টাকার মালামাল লুট করে আখাউড়ার নয়াদিল নামক স্থানে এসে ট্রেন থামিয়ে নেমে যায়।
যাত্রীদের অভিযোগ, সে সময় ওই বগীতে রেলওয়ের কোনও নিরাপত্তা কর্মী ছিল না।
আহত যাত্রীদের আখাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে।
