কাটাতারের বেড়া নির্মাণের উদ্যোগকে কেন্দ্র করে খাগড়াছড়ি ও চুয়াডাঙ্গায় উত্তেজনা অব্যাহত
সীমান্তে কাটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনা কমাতে শনিবার খাগড়াছড়ি ও চুয়াডাঙ্গায় বিডিআর-বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তবে বৈঠকের পরও দু‘স্থানেই উত্তেজনা অব্যাহত আছে এবং পরিস্থিতি মোকাবেলা করতে অস্ত্র-শস্ত্র ও লোকবল বৃদ্ধি করা হচ্ছে।
এদিকে বাংলাদেশ টিপাইমুখে বাধ নির্মাণের উদ্যোগ এবং সীমান্তে উত্তেজনা সৃষ্টির জন্যে দিল্লীস্থ হাই কমিশনারের মাধ্যমে ভারতের কাছে নোট ভারবাল পাঠিয়েছে।
খাগড়াছড়ি প্রতিনিধি জানান, খাগড়াছড়ি রামগড় সীমান্তে রেড এলার্ট অব্যাহত আছে। শুক্রবার চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানার আন্ধারমানিক সীমান্তের ওপারে বিএসএফ কাটাতারের বেড়া এবং পাকা সড়ক নির্মাণের উদ্যোগ নিলে বিডিআর তাতে বাধা দেয়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। উত্তেজনা কমাতে শনিবার সকালে ২২১০/৩ আর আই পিলারের কাছে বিডিআর-বিএসএফ’র কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএসএফ নোম্যান্স ল্যান্ড এলাকায় কোন প্রকার নির্মাণ কাজ না করা এবং আন্তর্জাতিক আইন মেনে চলার প্রতিশ্র“তি দেয়।
সকাল ১০ টায় শুরু হয়ে বৈঠক শেষ হয় পৌনে ১২ টায়। বৈঠকে বিডিআর সুবেদার সাইদুল হক এবং বিএসএফ ইন্সপেক্টর নন্দন কুমার আপলা নিজ নিজ দেশের প্রতিনিধিত্ব করেন।
চুয়াডাঙ্গা প্রতিনিধি জানান, শনিবার বিকেলে বিএসএফ’র আমন্ত্রণে ভারতের কৃষ্ণনগর জেলার কেষ্টনগর থানার বিজয়নগর সীমান্তের জিরো লাইনের ৮১ নং পিলারের কাছে অনুষ্ঠিত কোম্পানী কমান্ডার পর্যায়ের বিডিআর-বিএসএফ’র পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিডিআর সীমান্তে পরিখা খনন, ভারি অস্ত্র মজুদ, জনবল বৃদ্ধি ও আন্তর্জাতিক আইন লংঘন করে কাটাতারের বেড়া নির্মাণের উদ্যোগের প্রতিবাদ জানায়।
বৈঠকে বিডিআরের পক্ষে নেতৃত্ব দেন দর্শনা কোম্পানী কমান্ডার সাইদুর রহমান (বীরপ্রতীক) এবং বিএসএফ’র পক্ষে নেতৃত্ব দেন ২ নং ব্যাটালিয়নের কোম্পানী কমান্ডার ইন্সপেক্টর এম আর ঠাকুর।
বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪ টা থেকে বৈঠক শুরু হয় এবং টানা দু’ঘন্টা ধরে চলে। বৈঠকে বিএসএফ’র তৎপরতা নিয়ে বাংলাদেশের প্রতিবাদের কথা উচ্চ পর্যায়ে জানানো হবে বলে বিএসএফ’র পক্ষ থেকে প্রতিশ্র“তি দেয়া হয়।
এদিকে শনিবার দর্শনা, বারাদী, কামারপাড়া গ্রাম সরজমিনকালে দেখা যায়, ভারতীয় অংশে বিএসএফ রণসাজে অবস্থান করছে। বিজয়নগরসহ কয়েকটি গ্রামের মানুষকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেয়া হয়েছে। ভারি অস্ত্র, গোলাবারুদ ও জনবল বৃদ্ধি অব্যাহত রয়েছে।
চুয়াডাঙ্গাস্থ ১৮ নং রাইফেলস ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্নেল আবু সুফিয়ান তালুকদার বিডিনিউজকে জানান, সীমান্ত পরিস্থিতি মোকাবেলা করতে বিডিআর প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করেছে। তিনি আরও জানান, বিএসএফ’র ডিআইজি শনিবার এই সীমান্ত পরিদর্শন করেছেন।
পররাষ্ট্রমন্ত্রী এম মোর্শেদ খান মনিবার সাংবাদিকদের জানান, বিএসএফ সীমান্তে কাটাতারের বেড়া নির্মাণের উদ্যোগের মাধ্যমে আন্তর্জাতিক আইন লংঘন করছে। যা দু‘দেশের ভুল বুঝাবুঝির সৃষ্টি করছে, বিডিআর-বিএসএফ‘র মধ্যে গুলি বিনিময়ের কারন হয়ে দাড়াচ্ছে। যার ফলে সীমান্তে আতঙ্ক সৃষ্টি হচ্ছে। তিনি আরও বলেন, ভারত এককভাবে সীমান্তে কাটাতারের বেড়া দিতে পারে না।
পররাষ্ট্র এম মোরশেদ খান জানান, আগামী ১৪-১৭ মার্চ ভারতের আগরতলায় বিডিআর-বিএসএফ‘র মহাপরিচালক পর্যায়ের বার্ষিক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হবে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, বৈঠকে দু‘দেশের মধ্যে সমস্যাগুলো অনেকাংশে সমাধান হবে।
