তেল গ্যাস অনুসন্ধানে আবারো বিদেশী কোম্পানিকে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত
তেল গ্যাস অনুসন্ধানে আবারো বিদেশী কোম্পানিকে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত গ্রহন করেছে সরকার। তবে এই পর্যায়ে কেবলমাত্র বঙ্গপোসাগরের ব্লকগুলোতে অনুসন্ধানের জন্যে প্রস্তাব আহ্বান করা হবে।
জ্বালানি প্রতিমন্ত্রী একেএম মোশাররফ হোসেন শনিবার বিডিনিউজকে বলেন, “সরকার বঙ্গপোসাগরের ব্লকগুলোতে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্র আহ্বানের সিদ্ধান্ত গ্রহন করেছে।”
দরপত্র আহ্বান করা হলে তেল গ্যাস অনুসন্ধানে এটি হবে তৃতীয় দফা বিডিং।
মোশাররফ হোসেন বলেন, তেল গ্যাস অনুসন্ধানের জন্যে নতুন করে উৎপাদন বন্টন চুক্তি (পিএসসি) স্বাক্ষরের ব্যাপারে হাইকোর্টের নিষেধাজ্ঞা রয়েছে। প্রাথমিকভাবে এই বাঁধা অপসারণে সরকার আইনগত পদক্ষেপ নেয়ার সিদ্ধান্ত গ্রহন করেছে।
তবে কখন থেকে এই কাজ শুরু হচ্ছে তা তিনি নির্দিষ্ট করে বলেননি।
প্রতিমন্ত্রী জানান, ইতিমধ্যে মালয়েশিয়া, চীন এবং থাইল্যান্ডের বিভিন্ন কোম্পানি বাংলাদেশে সাগরে তেল ও গ্যাস অনুসন্ধানের আগ্রহ প্রকাশ করেছে।
তৃতীয় রাউন্ড বিডিং এ যাওয়ার ব্যাপারে প্রতিমন্ত্রীর ঘোষনার বিষয়ে পেট্রোবাংলার কয়েক জন কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করা হলে তারা নাম প্রকাশ না করার শর্তে বলেন, এরজন্যে এখনো অনেক প্রস্তুতি বাকিঁ রযেছ।
এক কর্মকর্তা বলেন, প্রথমেই আগের বিডিং থেকে পাওয়া ফলাফল রিভিউ করা দরকার। তারপর ব্লকগুলোকে নতুন করে বিভাজন করা প্রয়োজন। সবচেয়ে বড় কথা হচ্ছে বর্তমানে দেশে অনেক বিনিয়োগকারী আছে যারা এই খাতে বিনিয়োগে সক্ষম। তাই দরপত্রে দেশীয় কোম্পানীর অংশগ্রহনের বিশেষ সুযোগ রাখা উচিত।
