২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পানি-বিদ্যুত সংকট, আর মশার উপদ্রবে ঢাকাবাসী নাজেহাল

আগাম গ্রীষ্ম আসার পর থেকেই বিদ্যুতের লোডশেডিং আর লো-ভোল্টেজের কারণে ঢাকাবাসীকে পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। এর সঙ্গে এখন যোগ হয়েছে পানির সংকট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2005, 06:10 PM

Updated : 26 Apr 2022, 05:26 PM

ভোগান্তির শিকার নগরবাসী বলছেন, বিদ্যুত ও পানি সংকটের কারণে এসএসসি পরীক্ষার্থীদের সবচেয়ে বেশী কষ্ট হচ্ছে।

“পরীক্ষার প্রস্তুতি নেবো কিভাবে? এক দিকে লোডশেডিং অন্যদিকে মশার যন্ত্রণা,” বললো আমিনা আমরিন।

সিদ্ধেশ্বরির বাসিন্দা আমরিন এবার এসএসসি পরীক্ষা দিচ্ছে। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে তার পরীক্ষা ।

মোহাম্মদপুরের গৃহিনী রোকসানা আফরিন বলেন, এই গরমে দিনের বেলা বিদ্যুত না থাকলেও না হয় কষ্ট করে চালিয়ে নেওয়া যায়। কিন্তু বিদ্যুত সংকট বা লো-ভোল্টেজের কারণে পানিও এখন ঠিকমতো পাওয়া যাচ্ছে না।

তিনি বলেন, সন্ধ্যার পর এসএসসি পরীক্ষার্থীরা তাদের পরীক্ষার পড়া তৈরী করতে দুর্ভোগ পোহাচ্ছে। বিদ্যুত সংকট বা লো-ভোল্টেজের কারণে মোমবাতি বা হ্যারিকেনের টিমটিমে আলোয় তাদের পরীক্ষার প্রস্তুতি নিতে হচ্ছে। মশার উপদ্রব হয়ে দাঁড়িয়েছে গোদের ওপর বিষ ফোঁড়ার মতো।

এই অবস্থা কাটিয়ে উঠতে বিদ্যুত মন্ত্রণালয় বিদ্যুত কাট-ছাঁটসহ নানা ব্যবস্থা নিচ্ছে।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানান, শুক্রবার ছুটির দিন হওয়ায় লোডশেডিং থাকার কথা না।

এদিন দেশজুড়ে বিদ্যুৎ চাহিদা ছিল ৩,৫৫০ মেগাওয়াট। বিপরীতে ৩,৮৩৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নির্ধারিত ছিল।

অবশ্য রাজাবাজার সহ নগরীর অনেক এলাকা থেকেই লোডশেডিং এর খবর পাওয়া গেছে।

অন্যদিকে বৃহস্পতিবার আনুষ্ঠানিক লোডশেডিং ছিল ৪৭৬ মেগাওয়াট। কিন্তু প্রকৃত লোডশেডিং ছিল অনেক বেশি।

লোডশেডিংয়ের সময় ওয়াসার পানির পাম্পগুলো জেনারেটর দিয়ে চালানো হয়। কিন্তু ঢাকায় ওয়াসার ৪৫০টি পাম্পের মধ্যে মাত্র ২৫০টি পাম্পে জেনারেটর আছে। জেনারেটর বিহীন পাম্পগুলোর এলাকায় লোডশেডিংয়ের সময় নেমে আসে দুর্ভোগ। ওয়াসা ছাড়াও ঢাকায় বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির আরও প্রায় ৪০০টি পানির পাম্প আছে।

পানি নিয়ে দুর্ভোগের মাত্রা পুরনো ঢাকা, মোহাম্মদপুর, মিরপুর, রামপুরা, বাড্ডার মতো ঘন বসতিপূর্ণ এলাকায় ক্রমেই তীবতর হচ্ছে। যতই দিন যাচ্ছে, ততই বাড়ছে ভোগান্তি।

এসএসসি পরীক্ষা সামনে রেখে ঢাকা সিটি কর্পোরেশন মশা নিধনে তিন সপ্তাহের ক্রাশ প্রোগ্রাম হাতে নিয়েছে। নগরবাসীর অভিযোগ, তারা এর কোন ফল পাচ্ছে না।

নগরবাসীর প্রশ্ন, ট্যাক্সের বিনিময় যথাযথ পরিসেবা দিতে সরকারের কি কোনো দায় নেই।

রামপুরার গৃহিনী নিলুফার সুলতানা তারা দুর্ভোগের কথা বলতে গিয়ে খেদ ঝেড়ে বলেন, পানি নেই, বিদ্যুত নেই, সন্ধ্যার পর থেকেই মশার অত্যাচার। আর কয়েকদিন পর হয়তো গ্যাসও পাওয়া যাবে না। এই অবস্থায় ছোট ছেলেমেয়ে নিয়ে আমরা বাঁচি কি ভাবে?