শান্তিপূর্ণভাবে এসএসসি পরীক্ষার প্রথম দিন অতিবাহিত
২০০৫ সালের এসএসসি, দাখিল ও কারিগরি পরীক্ষার প্রথম দিনে ইংরেজী প্রথম পত্রের পরীক্ষাটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।
আগামী শনিবার ইংরেজী দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সারাদেশের সাতটি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, একটি মাদ্রাসা বোর্ড ও একটি কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি, দাখিল ও কারিগরি পরীক্ষায় মোট ৯,১৯,৩০৮ পরীক্ষার্থী অংশ নিচ্ছে। সারাদেশে মোট ১,৭৪৯ টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
শিক্ষা মন্ত্রণালয় ও ঢাকা বোর্ডের কন্ট্রোল রুমে এ পর্যন্ত পৌঁছানো রিপোর্ট অনুযায়ী পরীক্ষায় অসদুপায় অবলম্বনের জন্য প্রথম দিন বিভিন্ন বোর্ডের মোট ২৭১ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
