অনুমোদনের তিন বছর পরও সরকারি অফিসে তথ্য প্রযুক্তি ব্যবহারের সিদ্ধান্ত বাস্তবায়ন হয়নি
সরকারি সকল অফিসে তথ্য প্রযুক্তির ব্যবহারে নীতিমালা অনুমোদনের তিন বছর পেরিয়ে গেলেও এর বাস্তবায়ন হয়নি।
সম্প্রতি ভারতে অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে গিয়ে বাংলাদেশের সচিব পর্যায়ের একটি প্রতিনিধি দল এ জন্য সমালোচনার মুখোমুখি হন বলে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে।
সূত্র জানায়, দেশে ফিরে প্রতিনিধি দলের সদস্যরা পরিকল্পনা বাস্তবায়নে ওই সম্মেলনের সিদ্ধান্তের আলোকে একটি প্রস্তাবনা তৈরী করে প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠিয়েছে।
জনপ্রশাসনে দক্ষতা বৃদ্ধি, সম্পদের অপচয় রোধ, দ্রুত পরিকল্পনা প্রণয়ন এবং প্রশাসনিক ব্যবস্থা সম্পর্কে সাধারণ নাগরিকদের জানার সুবিধা অবাধ করতে সরকার ২০০২ সালে সকল অফিসে তথ্য-প্রযুক্তি ব্যবহারের নীতিমালা প্রণয়ন করে।
তবে সরকারের দায়িত্বশীল কর্মকর্তাদের অনীহার কারণে এ পরিকল্পনাটি বাস্তবায়িত হয়নি। সচিবালয়ে এ সম্পর্কিত একটি নিয়ন্ত্রণ কক্ষ চালু করা হলেও মাত্র তিন-চারটি অফিসে কম্পিউটার ও ইন্টারনেটের সংযোগ রয়েছে। সচিবালয়ের বাইরে জেলা পর্যায়ে এর কোনো ব্যবহার হচ্ছে না বললেই চলে।
বিষয়টি সম্প্রতি ভারতের হায়দ্রাবাদে ‘দক্ষিন এশিয়ায় রাষ্ট্রীয় পর্যায়ে তথ্য যোগাযোগ ও প্রযুক্তি’ বিষয়ক এক আন্তর্জাতিক সেমিনারে আলোচিত হয়। এতে বাংলাদেশের সংস্থাপন সচিবের নেতৃত্বে চার সদস্যের এক প্রতিনিধি দল অংশ নিয়েছিলেন।
সচিবসহ কমিটির সদস্যরা সেমিনারে বাংলাদেশে এ সম্পর্কিত নীতি রয়েছে বলে জানান। কিন্তু এর যথাযথ ব্যবহার না হওয়ায় সমালোচনার মুখে পড়েন।
দেশের ফিরেই কর্মকর্তারা বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আনতে একটি সুনির্দিষ্ট প্রস্তাবনা তৈরী করে তার দপ্তরে পাঠান।
সূত্র জানায়, প্রস্তাবনায় তথ্য যোগাযোগ ও প্রযুক্তির ব্যবহার বাস্তবায়নে স্বল্প ও দীর্ঘ মেয়াদী কার্যক্রম গ্রহনের সুপারিশ করা হয়েছে।
