যৌতুকের দাবিতে এক গৃহবধূকে পুড়িয়ে মারার চেষ্টা
যৌতুকের দাবি না মেটাতে পারায় জেলার দুমকি উপজেলার এক গৃহবধূকে আগুনে পুড়িয়ে মারার চেষ্টা চালিয়েছে তার শাশুড়ি ও ননদ।
অগ্নিদগ্ধ গৃহবধূ সালমাকে (২০) পটুয়াখালীর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। থানা পুলিশ সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি অবগত হয়েছে।
অগ্নিদগ্ধ সালমা ও তার ছোট বোন জানায়, বিয়ের পর থেকে সালমার ওপর যৌতুকের দাবিতে স্বামীসহ পরিবারের সবার নির্যাতন নেমে আসে। সালমার স্বামী রিক্সাচালক বসির ঢাকায় চলে আসের সুযোগে শাশুড়ি ও ননদ সালমাকে বাপের বাড়ি চলে যাওয়ার জন্য চাপ দেয়। সালমা এতে সাড়া না দিয়ে স্বামীর ঘরেই থাকে। স্বামীর পরিবার ক্ষিপ্ত হয়ে মঙ্গলবার সন্ধ্যায় সালমাকে ঘরের বাইরে ধরে এনে মুখ বেঁধে গায়ে কেরোসিন দিয়ে আগুন লাগিয়ে দেয়। সালমা নিরুপায় হয়ে বাড়ির পুকুরে ঝাঁপ দিয়ে মৃত্যুর হাত থেকে রক্ষা পায়।
গুরুতর অবস্থায় গ্রামের লোকজন ওইদিন রাতেই পটুয়াখালী জেনারেল হাসপাতালে তাকে ভর্তি করে।
