২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেসরকারি নিরীক্ষক নিয়োগে সরকারি কোনও পরিকল্পনা নেই

বেশকিছু সরকারি দফতরে নিরীক্ষার কাজে বেসরকারি নিরীক্ষক নিয়োগের প্রয়োজন থাকা সত্ত্বেও এ মুহূর্তে সরকার ও মহাহিসাব নিরীক্ষকের দফতরের এ ব্যাপারে কোনও পরিকল্পনা নেই। অর্থমন্ত্রণালয় ও সংশ্লিষ্ট অফিস সূত্রে এ তথ্য জানা যায়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2005, 06:20 PM

Updated : 26 Apr 2022, 05:25 PM

নাম প্রকাশে অনিচ্ছুক একজন উপ-মহাহিসাব নিরীক্ষক বলেন, ‘সামাজিক, প্রকৌশল ও বাণিজ্য খাতের মতো কিছু গুরুত্বপূর্ণ ক্ষেত্রে বিশেষজ্ঞ নিরীক্ষকের অভাবে সঠিক নিরীক্ষা ব্যাহত হচ্ছে।’

২০০২ সালে ‘বাংলাদেশ: ফাইনানশিয়াল অ্যাকাউন্ট্যাবিলিটি ফর গুড গভরনেন্স’ শীর্ষক বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে বলা হয়, সরকারের বেশকিছু বৃহত্তর খাত বিশেষজ্ঞ কমকর্তার অভাবে নিরীক্ষা-বহির্ভূত থেকে যাচ্ছে।

বিশ্বব্যাংকের প্রতিবেদনে আরও বলা হয়, ‘মহাহিসাব নিরীক্ষকের দফতরের অধীনে নিরীক্ষা কার্যক্রমের শতকরা মাত্র ১৬ থেকে ২৫ ভাগ সম্পন্ন হয়। বেশির ভাগ ক্ষেত্রই অনিরীক্ষিত থেকে যায়।’

সরকারি হিসাব অনুযায়ী, সারা দেশে মাত্র ২২ হাজার নিরীক্ষাযোগ্য ইউনিট রয়েছে।

মহাহিসাব নিরীক্ষকের কার্যালয় জানায়, সারা দেশে নিরীক্ষা কার্যক্রম পরিচালনার জন্য মাত্র সাড়ে তিন হাজার নিরীক্ষক আছে । যাদের অধিকাংশই অনভিজ্ঞ। তাদের মাধ্যমে এ কাজ সম্পন্ন করা  বেশ কঠিন।

সরকারি খাতে মাত্র শতকরা দুই ভাগ নিরীক্ষক কাজ করে। বাকি ৯৮ ভাগই বেসরকারি প্রতিষ্ঠানে নিয়োজিত। বিশ্বব্যাংকের ওই প্রতিবেদনে আরও বলা হয়, এই প্রবণতা থেকে বোঝা যায় যে, বাংলাদেশে বেসরকারি নিরীক্ষক ও সরকারি নিরীক্ষকদের মর্যাদা এবং বেতনকাঠামো অসামঞ্জস্যপূর্ণ।

একজন সিনিয়র নিরীক্ষা কর্মকর্তা জানান, ‘সরকারি নিরীক্ষকদের চেয়ে বেসরকারি নিরীক্ষকরা চার-পাঁচগুণ বেশি বেতন পেয়ে থাকে। কেন তারা সরকারি বিভাগে কাজ করতে চাইবে?’

পেশাগত দক্ষতা ও প্রশিক্ষণের অভাবে সরকারি নিরীক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে বলেও বিশ্বব্যাংকের ওই প্রতিবেদনে বলা হয়েছে।

মহাহিসাব নিরীক্ষা বিভাগের একজন সিনিয়র উপ মহাহিসাব নিরীক্ষক বলেন, ‘আমরা শিক্ষাগত যোগ্যতার কথা বিবেচনা না করে অনভিজ্ঞ øাতক ও øাতকোত্তর প্রার্থীদের নিয়োগ দান করে থাকি। পরবর্তী সময়ে তাদেরকে যে সাধারণ ও বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে, তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল।’

স্থানীয় ও রাজস্ব নিরীক্ষা অধিদফতরের মহাপরিচালক আবুল কাশেম বিডিনিউজকে জানান, সব রকমের সরকারি কার্যক্রম প্রতিবছর নিরীক্ষার প্রয়োজন হয় না। ‘কিছু কিছু ক্ষেত্র দু-বছর বা তারও অধিক সময়ে একবার করে নিরীক্ষিত হয়ে থাকে।’ তিনি জানান, তার অধিদফতরে ১০ হাজারের মতো নিরীক্ষাযোগ্য ইউনিট রয়েছে।

বেসরকারি নিরীক্ষক নিয়োগ প্রসঙ্গে মহাহিসাব নিরীক্ষা অধিদফতরের কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা জানান, এটা তাদের বিভাগের কাজ নয়, এ ব্যাপারে অর্থমন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে।